নীরব অভিনয় আর একচিলতে হাসিতেই যিনি বিশ্বজুড়ে কোটি মানুষের মন জয় করেছিলেন খাবি লামে । সেই খাবি লামে এবার আলোচনায় ভিন্ন কারণে। ডিজিটাল দুনিয়ার অন্যতম প্রভাবশালী এই তারকা ইতিহাস গড়েছেন এক বিশাল অঙ্কের ব্যবসায়িক চুক্তির মাধ্যমে। নিজের প্রতিষ্ঠান স্টেপ ডিস্টিঙ্কটিভ লিমিটেড প্রায় ৯০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন তিনি। খবর প্রকাশ করেছে জ্যামাইকা অবজারভার।
এই চুক্তির আওতায় খাবি লামের একটি এআই-ভিত্তিক ডিজিটাল প্রতিরূপ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এটি একাধিক ভাষায় কনটেন্ট তৈরি, ভার্চুয়াল লাইভস্ট্রিম পরিচালনা এবং ২৪ ঘণ্টা ডিজিটাল যোগাযোগে ব্যবহৃত হবে। ফলে প্রযুক্তির সহায়তায় তার বৈশ্বিক উপস্থিতি আরও বিস্তৃত হওয়ার পথ খুলে গেল।
তবে প্রতিষ্ঠান বিক্রি করলেও পুরোপুরি বিদায় নিচ্ছেন না লামে। প্রায় ৩৬০ মিলিয়ন অনুসারী নিয়ে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক রিচ স্পার্কল হোল্ডিংস-এর নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত থাকবেন। অর্থাৎ, তিনি শুধু ব্র্যান্ডের মুখ নন, বরং তার জনপ্রিয়তাকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায়িক কাঠামোরও সক্রিয় অংশীদার।
বিজনেস ইনসাইডার আফ্রিকা জানিয়েছে, চুক্তির ফলে প্রথম ৩৬ মাস খাবি লামের বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার একচেটিয়া অধিকার পাবে রিচ স্পার্কল হোল্ডিংস। এই সময়ের মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা, সরবরাহ চেইন, পরিচালনা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে তার আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়নে এই উদ্যোগ থেকে বার্ষিক বিক্রি ৪ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে প্রিমিয়াম ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং সৌন্দর্য, সুগন্ধি ও পোশাক খাতে যৌথ ব্র্যান্ডিং। এটি প্রমাণ করে, কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের একজন কনটেন্ট ক্রিয়েটর ধীরে ধীরে দীর্ঘমেয়াদি শিল্পভিত্তিক ব্যবসার কেন্দ্রে পরিণত হচ্ছেন।
২৬ বছর বয়সী খাবি লামে বর্তমানে ইতালিতে বসবাস করেন, তার জন্ম সেনেগালে। ভাষাহীন অথচ তীক্ষ্ণ ব্যঙ্গের মাধ্যমে জটিল অনলাইন টিউটোরিয়ালকে সহজ করে উপস্থাপন করেই তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। প্রায় দুই বছর আগে তিনি ‘০০খাবি’ নামের একটি অ্যাকশন-কমেডি চলচ্চিত্রের মাধ্যমে হলিউডেও আত্মপ্রকাশ করেন।