বলিউডে কোনো সিনেমা সফল হলেই একই ধরনের গল্প, বিষয় কিংবা নির্মাণশৈলী অনুসরণ করে একের পর এক সিনেমা তৈরির প্রবণতা দেখা যায়। এবার এই ‘অনুসরণ করার মানসিকতা’ নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর।
সম্প্রতি ইউভা আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে হিন্দি সিনেমার পরিবর্তনশীল ধারা নিয়ে কথা বলেন কারিনা। তার মতে, বর্তমান সময়ের দর্শক আগের চেয়ে অনেক বেশি সচেতন। কোন সিনেমা ভালো এবং কোন সিনেমা তারা দেখতে চান, সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দর্শকদের রয়েছে।
কারিনা বলেন, দর্শক নির্মাতাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান। তার মতে, এখন আর শুধু তরুণদের প্রেমের গল্পকে কেন্দ্র করে সিনেমা নির্মাণের সময় নেই। বরং সাম্প্রতিক সময়ে সহিংসতানির্ভর সিনেমার প্রতি এক ধরনের ঝোঁক তৈরি হয়েছে।
‘অ্যানিমেল’ সিনেমার উদাহরণ টেনে কারিনা বলেন, “‘অ্যানিমেল’ সফল হয়েছে, তাই চলেন সবাই বর্বর সিনেমা বানাই, এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সবাই আসলে একে অন্যকে অনুসরণ করছি।”
তবে বলিউডের সবাই যে একই পথে হাঁটছেন, সেটিও মনে করেন না কারিনা। তার ভাষ্য, এখনো অনেক নির্মাতা ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা করছেন এবং দর্শকদের ভাবাতে চান। নিজেদের আলাদা দর্শকও তৈরি করেছেন অনেক নির্মাতা।
কারিনা আরও বলেন, পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। এখন দর্শক ট্রেলার দেখে সিদ্ধান্ত নেবেন, তারা সিনেমাটি দেখতে চান কি না। বিশেষ করে তরুণ দর্শক সিনেমা নিয়ে প্রশ্ন করছেন এবং গল্প নিয়েও ভাবছেন। ফলে শুধু কোনো সিনেমা কমেডি কিংবা বিনোদনমূলক বলেই দর্শক সেটি দেখতে প্রেক্ষাগৃহে ছুটে যাবেন, এমন ধারণা আর কার্যকর নয়।
তার মতে, প্রতিটি সিনেমা ২০০ কোটি বা ৫০০ কোটি রুপি আয় করবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বরং দর্শক ও নির্মাতা উভয়ের মধ্যেই পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনে দর্শকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
‘অ্যানিমেল’ প্রসঙ্গে
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ মুক্তি পায় ২০২৩ সালে। রণবীর কাপুর অভিনীত সিনেমাটিতে অনিল কাপুর ছিলেন তার বাবার চরিত্রে। বাবা-ছেলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি ব্যাপক সহিংসতা দেখানো হয়।
মুক্তির পর সিনেমাটি বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পায় এবং বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি আয় করে। সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে।
নতুন সিনেমায় কারিনা
এদিকে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় দেখা যাবে কারিনা কাপুরকে। তদন্তধর্মী এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। দুজনই পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন।
কিশোর অপরাধের সঙ্গে যুক্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তার মধ্যে মতবিরোধ তৈরি হয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দায়রা’র চিত্রনাট্য লিখেছেন মেঘনা গুলজার, যশ কেশওয়ানি ও সীমা আগরওয়াল। জঙ্গল পিকচার্স ও পেন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।