ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের নামে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটিতে দাবি করা হয়, তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

ভাইরাল পোস্টে লেখা হয়, কঙ্গনা নাকি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তাঁকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য। সেখানে আরও দাবি করা হয়, শিক্ষার গুরুত্ব তিনি সবচেয়ে ভালো বোঝেন। এমনকি নিট (NEET) পরীক্ষার্থীদের জন্য তাঁর বিশেষ পরিকল্পনার কথাও পোস্টে উল্লেখ করা হয়। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আরও বলা হয়, যারা প্রেক্ষাগৃহে গিয়ে কঙ্গনার সিনেমা দেখবে, তারা পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাবে। পাশাপাশি এতে তাঁর টানা ফ্লপ সিনেমার ধারাও নাকি বন্ধ হবে এমন মন্তব্যও পোস্টে জুড়ে দেওয়া হয়।

তবে যাচাই করে দেখা গেছে, পুরো পোস্টটিই ভুয়া। কঙ্গনা রনৌত তাঁর ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো পোস্ট করেননি। তাঁর লেখার ধাঁচ ও ভাষা নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ফলে পোস্টে করা সব দাবিই ভিত্তিহীন।

এদিকে ভাইরাল এই পোস্ট নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি কঙ্গনা রনৌত। প্রসঙ্গত, সর্বশেষ তাঁকে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘কুইন ২’এর কাজ চলছে।