বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও কর্মক্ষেত্রে নারীদের সুবিধা নিয়ে মুখ খুলেছেন। আসন্ন চলচ্চিত্র ভারত ভাগ্য বিধাতা এর প্রচারণায় অংশ নিয়ে তিনি শুটিং সেটে শিশুদের জন্য আলাদা কক্ষ বা ডে-কেয়ার সুবিধা চালুর দাবি জানিয়েছেন।
কঙ্গনার মতে, কর্মজীবী মায়েদের জন্য সন্তানদের দেখভালের বিষয়টি এখনও যথেষ্ট গুরুত্ব পায় না। অনেক সময় শিশুদের মায়ের সঙ্গে শুটিং সেটে আসতে হয়, কিন্তু তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে না।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সহ-অভিনেত্রী স্মিতা তাম্বে-র দুই মেয়ে প্রায়ই শুটিং সেটে আসত। এছাড়া অন্যান্য সহকর্মীদের সন্তানদেরও সেটে দেখা যেত। শিশুদের একসঙ্গে খেলাধুলা করতে দেখে তার মনে প্রশ্ন জাগে কর্মক্ষেত্রে প্রার্থনা কক্ষ বা অন্যান্য সুবিধার কথা ভাবা হলেও শিশুদের জন্য আলাদা জায়গার বিষয়টি কেন গুরুত্ব পায় না?
কঙ্গনা বলেন, কর্মক্ষেত্রে শিশুদের জন্য একটি নির্দিষ্ট কক্ষ থাকলে কর্মরত মায়েরা আরও স্বস্তি নিয়ে কাজ করতে পারবেন। এতে সন্তানদের নিরাপত্তা ও যত্ন নিশ্চিত হওয়ার পাশাপাশি মায়েদের মানসিক চাপও কমবে।
তিনি আরও বলেন, সরকার যেহেতু নারীদের আরও বেশি কর্মক্ষেত্রে যুক্ত করতে চায়, তাই তাদের প্রয়োজন ও বাস্তব সমস্যাগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত। নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে কর্মপরিবেশকে আরও সহায়ক ও পরিবারবান্ধব করে তুলতে হবে।
উল্লেখ্য, ২৬/১১ মুম্বাই হামলার প্রেক্ষাপটে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার প্রচারণার মাঝেই কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধার বিষয়টি সামনে এনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন কঙ্গনা।