জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ভক্তিমূলক আগমনী গান ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ নতুন আবহে শ্রোতাদের সামনে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। শারদীয় উৎসবের আমেজে প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটিতে অত্যন্ত দরদি ও ভক্তিভরা কণ্ঠে প্রাণ ঢেলেছেন সংগীতশিল্পী ডা. কাকলী হালদার। গানের ভাব ও ভক্তির প্রকাশকে আরও নান্দনিক করে তুলতে চমৎকার কোরিওগ্রাফি ও নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তী। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন চৌধুরী ও ইবনে রাজন। এছাড়া এর ভিডিও পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান রুবেল। বর্তমানে জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি উপভোগ করা যাচ্ছে।