অ্যানিমে প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো ‘কাগুরাবাচি’ (KAGURABACHI)-এর অ্যানিমে অ্যাডাপ্টেশন। গত ২৭ এপ্রিল এই ঘোষণা আসার পর থেকেই ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে এর প্রথম ট্রেলার। অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে প্রকাশের মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে ট্রেলারটি ৬ মিলিয়নের (৬০ লাখ) বেশি ভিউ অতিক্রম করে এক অনন্য রেকর্ড গড়েছে। বহুল আলোচিত এই অ্যানিমেটি ২০২৭ সালের এপ্রিল মাসে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

অ্যানিমেশন প্রোডাকশনের গুরুদায়িত্বে থাকছে Studio Cypic এবং এটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক তেতসুয়া তাকেউচি। তাকেউচি অ্যানিমে বিশ্বে বিশেষভাবে পরিচিত ‘Naruto’ সিরিজের আইকনিক ‘Rock Lee vs Gaara’ ফাইট দৃশ্যটি পরিচালনার জন্য। সাইবার এজেন্ট-এর তাকাহিরো ইয়ামাউচি জানিয়েছেন, বিশ্বব্যাপী গ্রহণযোগ্য উচ্চমানের জাপানি অ্যানিমেশন তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ট্রেলারটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ প্রায় ৫.১ মিলিয়ন ভিউ পেয়েছে এবং বাকি ভিউ এসেছে ইউটিউব থেকে। শৌচিকু (Shochiku) প্রকাশিত ইংরেজি ও জাপানি ভার্সনগুলোতেও দর্শকদের অভাবনীয় সাড়া লক্ষ্য করা গেছে।

‘কাগুরাবাচি’-র গল্পটি গড়ে উঠেছে তরুণ চিহিরো রোকুহিরাকে ঘিরে। একজন বিখ্যাত তলোয়ার নির্মাতার ছেলে চিহিরো তার বাবার কাছেই প্রশিক্ষণ নিচ্ছিল। কিন্তু রহস্যময় জাদুকর সংগঠন ‘হিশাকু’-র আক্রমণে তাদের সুখের জীবন তছনছ হয়ে যায় এবং তার বাবাকে হত্যা করা হয়। বাবার রেখে যাওয়া সপ্তম এনচ্যান্টেড ব্লেড ‘এন্টেন’ হাতে নিয়ে চিহিরো বের হয় প্রতিশোধের পথে, যেখানে তাকে লড়তে হয় ইয়াকুজা ও শক্তিশালী জাদুকরদের বিরুদ্ধে। ঘৃণা আর রক্তক্ষয়ী সংগ্রামের এই নতুন মহাকাব্য দেখার অপেক্ষায় এখন বিশ্বজুড়ে অ্যানিমে ভক্তরা।