প্রায় দুই দশক পর নতুনভাবে ফিরছে কাভি আলবিদা না ক্যাহনা। পরিচালক করণ জোহর জানিয়েছেন, তার জনপ্রিয় এই সিনেমাকে এবার ওয়েব সিরিজ হিসেবে দর্শকদের সামনে আনা হবে।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি, প্রীতি জিনতা এবং অভিষেক বচ্চন। এছাড়া বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও কিরণ খের। মুক্তির সময় ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সিরিজটি নিয়ে আলোচনা চলছে। তার মতে, আধুনিক সম্পর্কের জটিলতা, দাম্পত্যের টানাপোড়েন এবং আবেগের দ্বন্দ্ব সিরিজের দীর্ঘ ফরম্যাটে আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব।
তিনি আরও স্পষ্ট করেছেন, এটি কেবল মূল সিনেমার পুনর্নির্মাণ হবে না। বরং বর্তমান সময়ের প্রেক্ষাপটে গল্পটিকে নতুনভাবে উপস্থাপন করা হবে। সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং মানসিক দ্বন্দ্ব এবার আরও বিস্তৃতভাবে দেখানো হবে।
তবে নতুন সিরিজে শাহরুখ খান, রানি মুখার্জি বা প্রীতি জিনতা এর জায়গায় কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিবাহবহির্ভূত সম্পর্ক, দাম্পত্য সংকট এবং মানসিক দূরত্বের মতো সংবেদনশীল বিষয় নিয়ে নির্মিত কাভি আলবিদা না ক্যাহনা মুক্তির সময় যেমন আলোচনার জন্ম দিয়েছিল, তেমনি নতুন সিরিজটিও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে বলেই মনে করা হচ্ছে।