নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নাটক মানেই থাকে পারিবারিক গল্প ও বাস্তবতার ছোঁয়া। প্রেম-ভালোবাসার পাশাপাশি পরিবারের টানাপোড়েন ও সম্পর্কের গল্প বলার জন্য তিনি দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন। তার নির্মিত সাম্প্রতিক নাটক ‘ঝরা বকুল’ তেমনই একটি কাজ, যা ইতোমধ্যে দর্শকের মন জয় করেছে।

নাটকটিতে সুনেরাহ বিনতে কামাল অভিনীত মনিরা চরিত্রটি বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। গল্পে দেখা যায়, মনিরা একটি দরিদ্র পরিবারের বড় মেয়ে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের জীবনের স্বপ্ন ও বিয়ের কথা পিছিয়ে দেন তিনি। এমনকি পরিবারের নির্ভরতার কারণে তার মা-ও তাকে বিয়ের জন্য তাগিদ দেন না।

অন্যদিকে কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসলেও গল্পে তৈরি হয় নানা জটিলতা ও আবেগঘন পরিস্থিতি। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রযোজক জামাল হোসেন বলেন, দর্শক এখন অতিরিক্ত রোমান্টিক বা কৃত্রিম গল্প থেকে বেরিয়ে বাস্তব জীবনের গল্প দেখতে আগ্রহী। পরিবারের সুখ-দুঃখ ও সম্পর্কের টানাপোড়েনই তাদের বেশি আকর্ষণ করছে।

নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, তিনি সবসময় পারিবারিক গল্পকে গুরুত্ব দেন। তার মতে, দর্শক যখন নিজেদের জীবনের প্রতিচ্ছবি নাটকে খুঁজে পান, তখন সেটি সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ডলি জহুর, রোজী সিদ্দিকী এবং গোলাম ফরিদা ছন্দাসহ অনেকে। দর্শক প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে, ‘ঝরা বকুল’ ইতোমধ্যেই একটি আলোচিত পারিবারিক নাটকে পরিণত হয়েছে।