হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী Jennifer Lopez ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন। তবে সম্প্রতি লাস ভেগাসে নিজের রেসিডেন্সি কনসার্টে ভক্তদের সামনে তিনি ভাঙা সম্পর্ক ও বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। ৫৬ বছর বয়সী এই তারকা জানান, চারবার বিবাহবিচ্ছেদের পরও তিনি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখার চেষ্টা করছেন, যদিও সেই পথ মোটেও সহজ ছিল না।

মঞ্চে দর্শকদের উদ্দেশে লোপেজ বলেন, তৃতীয়বার বিবাহবিচ্ছেদের পর তিনি যেন ‘বিচ্ছেদ সামলাতে অভ্যস্ত হয়ে উঠছিলেন’। তবে সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন, বিষয়টি মোটেও হাসির নয়। তাঁর তৃতীয় স্বামী ছিলেন গায়ক Marc Anthony। প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তখন তাঁদের যমজ সন্তান ম্যাক্স ও এমির বয়স ছিল মাত্র তিন বছর। সেই সময়ের কথা স্মরণ করে লোপেজ বলেন, তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন এবং একপর্যায়ে প্রায় সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন।

কঠিন সেই সময়ে তিনি সহায়তা চান স্বনির্ভরতাবিষয়ক লেখক Louise Hay-এর কাছে। লোপেজ জানান, হে তাঁকে একটি সহজ কিন্তু গভীর উপদেশ দিয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, একজন নৃত্যশিল্পী হিসেবে ভুল করলে তিনি কী করেন। জবাবে লোপেজ বলেন, তিনি চেষ্টা চালিয়ে যান যতক্ষণ না ঠিকভাবে করতে পারেন। তখন হে তাঁকে বলেন, ঠিক তেমনভাবেই জীবনের ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। সব সময় ‘নাচতে’ থাকতে হবে। এই কথাই কঠিন সময়ে তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছিল বলে জানান তিনি।

পরবর্তী সময়ে লোপেজ তাঁর পুরোনো প্রেমিক Ben Affleck-এর সঙ্গে আবার সম্পর্কে জড়ান এবং ২০২২ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি; ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবুও অতীতের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই বলে জানান এই তারকা।

কনসার্টে উপস্থিত ভক্তদের উদ্দেশে লোপেজ বলেন, জীবনে যত সমস্যাই আসুক না কেন, থেমে যাওয়া যাবে না। তাঁর ভাষায়, “যাই ঘটুক না কেন, জীবনের নাচটা চালিয়ে যেতে হবে।” এই বার্তাই তিনি তাঁর ভক্তদের জন্য রেখে যেতে চান।