হলিউড তারকা জেনিফার লোপেজকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। বিশেষ করে বেন অ্যাফ্লেক-এর সঙ্গে বিচ্ছেদের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ যেন আরও বেড়েছে। সম্প্রতি শোনা যাচ্ছিল, নতুন সিনেমার সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইন এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই পপ তারকা।
গুঞ্জনের সূত্রপাত হয় তাদের আসন্ন সিনেমা Office Romance কে কেন্দ্র করে। অনেকের ধারণা ছিল, পর্দার রসায়ন বাস্তব জীবনেও প্রভাব ফেলেছে। তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই মুখ খুলেছেন জেনিফার।
সম্প্রতি নতুন সিনেমার প্রচারণায় একটি টেলিভিশন টক শোতে হাজির হন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন। সেখানেই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে জেনিফার স্পষ্ট ভাষায় বলেন, তিনি নতুন কোনো সম্পর্কে জড়াননি।
তার ভাষায়, “আমি যখনই নতুন কারও সঙ্গে কাজ করি বা ক্যামেরার সামনে দাঁড়াই, তখনই মানুষ আমাদের নিয়ে নানা গল্প তৈরি করতে শুরু করে। কিন্তু মানুষের কল্পনা আর বাস্তবতা এক নয়।”
প্রেম করছেন কি না এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, “না, আমরা মোটেও প্রেম করছি না।” তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ব্রেটও হাসিমুখে একই কথা জানান।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, শুটিং চলাকালে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তবে সেই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি তাকে। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত নতুন কোনো সম্পর্কে জড়ানোর পরিকল্পনা নেই। বরং কাজ, পরিবার এবং নিজের স্বাধীন জীবন উপভোগ করতেই বেশি মনোযোগী তিনি।