হলিউডে বয়স ধরে রাখা এবং পর্দায় নিখুঁত দেখানোর চাপ নতুন নয়। তবে এই সৌন্দর্যের অন্ধ প্রতিযোগিতার ভিড়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কসমেটিক কিংবা বোটক্স প্রক্রিয়ার মাধ্যমে চেহারায় কৃত্রিমতা আনার পক্ষপাতী নন তিনি।
সাক্ষাৎকারে জেনিফার লরেন্স বলেন, একজন অভিনয়শিল্পী হিসেবে মুখের স্বাভাবিক অভিব্যক্তিই তাঁর কাজের প্রধান শক্তি। তাই চেহারায় খুব বেশি কসমেটিক–প্রক্রিয়া বা অতিরিক্ত বোটক্স তিনি ব্যবহার করতে পারেন না। তিনি কেবল সামান্য ‘বেবি বোটক্স’ গ্রহণ করেন যাতে মুখের স্বাভাবিক নড়াচড়া নষ্ট না হয়। বয়সের ছাপ পুরোপুরি মুছে ফেলার চেয়ে চেহারার স্বাভাবিক সৌন্দর্য ও উজ্জ্বলতা ধরে রাখাকেই বেশি প্রাধান্য দেন এই তারকা।
চলচ্চিত্র জগতে অতিরিক্ত কসমেটিক চিকিৎসার কারণে কলাকুশলীদের মুখের স্বাভাবিক অভিব্যক্তি হারিয়ে যাওয়া নিয়ে যখন জোর আলোচনা চলছে, ঠিক তখনই জেনিফারের এই বক্তব্য সামনে এলো। ভবিষ্যতে মার্টিন স্করসেজির ‘হোয়াট হ্যাপেন্স অ্যাট নাইট’ এবং ‘হাঙ্গার গেমস’-এর নতুন প্রিকুয়েল নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী মনে করেন, বয়সকে আটকে রাখার চেয়ে চরিত্রের আবেগ প্রকাশে নিজের প্রাকৃতিক অভিনয়শক্তি ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।