মাত্র সাত বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা জান্নাত জুবায়ের রাহমানি আজ ভারতের অন্যতম শীর্ষ ডিজিটাল ইনফ্লুয়েন্সার। তবে সোশ্যাল মিডিয়ায় পাঁচ কোটি অনুসারী থাকলেও তার হৃদস্পন্দন জুড়ে ছিল কেবল অভিনয়। দীর্ঘ বিরতির পর অবশেষে নিজের ‘পারফেক্ট’ প্রজেক্ট খুঁজে পেয়েছেন তিনি। নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘গ্লোরি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর। হরিয়ানা রাজ্যের পটভূমিতে নির্মিত এই স্পোর্টস থ্রিলার সিরিজে বক্সিং, রাজনীতি আর খুনের রহস্যময় গল্পে ‘গুডিয়া’ চরিত্রে দেখা যাবে তাকে।

মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে জান্নাত তার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এই সিরিজের জন্য তাকে রপ্ত করতে হয়েছে কঠিন হরিয়ানভি ভাষা। ১৮ বছরের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা থাকলেও ‘গ্লোরি’ তার কাছে অন্যতম সেরা একটি কাজ। ২০১৮ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘তু আশিকি’র পর টেলিভিশন থেকে সরে দাঁড়ালেও জান্নাত সবসময় এমন একটি গল্পের অপেক্ষায় ছিলেন যা তার অভিনয়ের গভীরতা প্রমাণ করবে। বিরতির সময়টিতে ভাইয়ের পরামর্শে ডিজিটাল কনটেন্ট তৈরিতে মন দিলেও অভিনয়ের নেশা তাকে বারবার ফিরিয়ে এনেছে ক্যামেরার সামনে।

এই সিরিজে জান্নাতের সঙ্গে আরও অভিনয় করেছেন পুলকিত সম্রাট, দিব্যেন্দু শর্মা, সায়ানি দত্ত ও সিকান্দার খেরের মতো জনপ্রিয় তারকারা। করণ অংশুমান ও কনিষ্ক ভার্মার পরিচালনায় সিরিজটি আগামী ১ মে থেকে স্ট্রিমিং হবে। জান্নাতের মতে, এই প্রজেক্টটি তার ক্যারিয়ারে একটি নতুন উচ্চতা যোগ করবে। বলিউডের বড় পর্দায় নায়িকা হিসেবে আসার আগে ‘গ্লোরি’র এই শক্তিশালী চরিত্রটিই হতে যাচ্ছে তার ওটিটি দুনিয়ায় প্রবেশের রাজকীয় পথ।