শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত কিংবা শরীরের নির্দিষ্ট অংশকে আপত্তিকরভাবে ফোকাস করে ছবি ও ভিডিও তোলার প্রবণতা দিন দিন বাড়ছে। একশ্রেণীর পাপারাজ্জি ও আলোকচিত্রীদের বিরুদ্ধে অভিনেত্রীদের স্পর্শকাতর অঙ্গগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যামেরাবন্দি করার অভিযোগ দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই এখন এমন অসংখ্য ভিডিও চোখে পড়ে, যা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা তুঙ্গে।
বলিউডের অনেক শীর্ষ অভিনেত্রীই এই নোংরা মানসিকতার শিকার হয়েছেন। এবার এই স্পর্শকাতর ও বিব্রতকর বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সম্মতি ছাড়া নারীদের এভাবে অশ্লীলভাবে উপস্থাপনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পডকাস্টে জাহ্নবীর কাছে জানতে চাওয়া হয়েছিল, অন্যান্য অভিনেত্রীদের মতো তাকেও যে প্রায়শই ‘আবেদনময়ী’ হিসেবে জুম করে উপস্থাপন করা হয়, এতে তিনি অস্বস্তি বোধ করেন কি না?
প্রশ্নের জবাবে জাহ্নবী স্পষ্ট জানান, বিষয়টি চরম অস্বস্তিকর এবং এটি সরাসরি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোকচিত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাদের দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়েছেন।
জাহ্নবী বলেন, "আমি তাদের বুঝিয়ে বলেছি, আমরা যখন কোনো বিশেষ পোশাক পরে বাইরে বের হই, তখন কখনোই ভাবি না যে কেউ আমাদের দিকে ক্যামেরা তাক করে নির্দিষ্ট অঙ্গের ওপর জুম করবে। এতে আমাদের বিন্দুমাত্র সমর্থন নেই।"
ফটোগ্রাফারদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী আরও বলেন, "এর চেয়ে বড় কথা হলো, এটি আপনাদেরও সমাজে খুব নিচু করে দেখায়। শুধু টাকা আর ভিউ পাওয়ার লোভের জন্য আপনারা নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের শরীরকে পণ্য বানাচ্ছেন! এভাবে নিজেদের সম্মান কীভাবে ধরে রাখছেন?"
তবে আশার কথা হলো, জাহ্নবীর এই কড়া বার্তা আলোকচিত্রীরা ইতিবাচকভাবেই নিয়েছেন এবং নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলে জানান তিনি।