থালাপতি বিজয় অভিনীত ‘জনা নায়গন’ সিনেমাটি ভারতে মুক্তির তিন দিনেই ১০৮ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে। অনলাইন লিক ও পেছানোর জটিলতা থাকা সত্ত্বেও প্রেক্ষাগৃহে ছবিটির সফলতা নজর কাড়ছে।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন অ্যাকশন ড্রামা ‘জনা নায়গন’ মুক্তির প্রথম তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। সেন্সর জটিলতার কারণে নির্ধারিত সময়ের বেশ কিছুদিন পরে প্রেক্ষাগৃহে আসলেও বিজয়ের ছবি ঘিরে দর্শকদের উন্মাদনায় ভাটা পড়েনি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা-র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, ভারতে মুক্তির প্রথম তিন দিনে ‘জনা নায়গন’-এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০৮ কোটি ২৫ লাখ রুপি। শনিবার এক দিনেই ছবিটি তুলে নিয়েছে প্রায় ৩৩ কোটি রুপি। প্রথম চার দিনের বর্ধিত উইকেন্ড শেষে সিনেমাটির মোট আয় প্রায় ১৪৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অঞ্চলভিত্তিক আয়ের মধ্যে এককভাবে তামিলনাড়ুতেই ছবিটি ঝুলিতে পুরেছে ৬২ কোটি রুপি। এছাড়া কর্ণাটকে ১৮ কোটি, কেরালায় ৯.৭৫ কোটি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৮.৫০ কোটি এবং ভারতের অন্যান্য অঞ্চলে মোট ১০ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি।
মুক্তির আগেই অনলাইনে লিক হয়ে যাওয়া এবং আইনি জটিলতায় মুক্তির তারিখ পেছানো সত্ত্বেও প্রেক্ষাগৃহে বিজয়ের ছবির এমন অভাবনীয় আয় তাঁর অবিশ্বাস্য জনপ্রিয়তা ও বক্স অফিস রাজত্বের প্রমাণ দিচ্ছে।