অনলাইনে লিক ও সেন্সর জটিলতা পেছনে ফেলে ৫ দিনে ভারতে ১৫৮ কোটি রুপি আয় করল থালাপতি বিজয়ের সিনেমা ‘জনা নায়গন’। সোমবারেও ছবিটি ধরে রেখেছে আয়ের শক্ত অবস্থান।
সোমবারেও বক্স অফিসে চমকপ্রদ পারফরম্যান্স ধরে রেখেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা ‘জনা নায়গন’। মুক্তির প্রথম ৫ দিনে ভারতে ছবিটির মোট ব্যবসা দাঁড়িয়েছে প্রায় ১৫৮ কোটি রুপি। মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে বিজয়ের এই বাণিজ্যিক ধারা অব্যাহত থাকাকে তাঁর অভাবনীয় তারকাখ্যাতির বড় জয় হিসেবে দেখছেন সিনেমা বিশ্লেষকেরা।
প্রতিবেদনে জানানো হয়, প্রথম সোমবার সাধারণত আয়ে বড় ধরনের পতন ঘটলেও ‘জনা নায়গন’ সেই ধস কাটিয়ে সোমবার এক দিনেই ভারতে ১২ থেকে ১২.৫০ কোটি রুপি আয় করেছে। এতে করে ৫ দিনে ভারতের বাজারে ছবিটির মোট আয় ১৫৮ কোটি রুপি ছুঁয়েছে। শুধু তামিলনাড়ুতেই ৫ দিনে ছবিটির ব্যবসা দাঁড়িয়েছে প্রায় ৯৩ কোটি রুপি, যা খুব শিগগিরই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে।
সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতায় পিছিয়ে যায়। সে সময় অনলাইনে লিক হওয়ার মতো বড় ধাক্কা খাওয়া এবং মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে ইতোমধ্যে ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে নিয়েছে ছবিটি।
অঞ্চলভিত্তিক আয়ের মধ্যে এককভাবে তামিলনাড়ুতে ৯৩ কোটি, কর্ণাটকে ২৩.৭৫ কোটি, কেরালায় ১৩.৫০ কোটি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ১১.৭৫ কোটি এবং ভারতের অন্যান্য অঞ্চলে মোট ১৬ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি।