অস্ট্রেলিয়ার সিডনিতে গান পরিবেশন করে মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউলের গুরু জেমস। সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ এই রক কনসার্টে তাঁর সঙ্গে একই মঞ্চ শেয়ার করবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর শিল্পী রূপম ইসলাম।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় নগরবাউল জেমস ইতোমধ্যে সিডনিতে পৌঁছে যাওয়ার খবর জানিয়ে ভক্তদের কনসার্টে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে জেমস বলেন, "আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।"
বর্তমানে দেশ ও বিদেশের নানা কনসার্টের ব্যস্ততার পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছে নগরবাউল। এর আগে ২০২৪ সালে ভারতে আয়োজিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টেও জেমস ও রূপম ইসলামকে একসাথে একই মঞ্চে পরিবেশন করতে দেখা গিয়েছিল।