ভালোবাসা, অধিকার আদায়ের সংগ্রাম এবং রহস্যে ঘেরা এক গ্রামের গল্প নিয়ে আসছে নতুন বাংলা নাটক ‘জলমহল’। সম্প্রতি নাটকটির অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
প্রকাশিত ট্রেলার থেকে ধারণা পাওয়া যায়, এটি শুধু একটি গ্রামীণ প্রেমের গল্প নয়। বরং ভালোবাসার পাশাপাশি এতে উঠে এসেছে অধিকার আদায়ের লড়াই, সামাজিক বাস্তবতা এবং একটি অপরাধঘটিত রহস্যের বিষয়। এসব উপাদান মিলিয়ে নাটকের কাহিনি এগিয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে ট্রেলারে।
নাটকটি পরিচালনা করেছেন মোস্তাফিজ মামুন। ট্রেলারে গল্পের বিভিন্ন স্তর ও রহস্যময় উপস্থাপনা দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। বিশেষ করে ট্রেলারে ব্যবহৃত গানটি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, গানটির সুর ও আবহে জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’র আলোচিত গান ‘তুমি বন্ধু কালা পাখি’র মাটির ঘ্রাণমাখা অনুভূতির ছোঁয়া পাওয়া যায়।
নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাসুম রেজওয়ান ও জান্নাতুল ফেরদৌস কাজল। ট্রেলারে তাদের উপস্থিতি ও রসায়নও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
গ্রামের মানুষ, তাদের জীবনসংগ্রাম এবং একটি ঘটনার প্রভাবে বদলে যাওয়া ভবিষ্যতের গল্প নিয়ে নির্মিত ‘জলমহল’ নাটকটি মুক্তির পর দর্শকদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।