ইন্টারনেটের অন্যতম আলোচিত ও বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর সাময় রায়না আবারও তাঁর জনপ্রিয় শো ‘India's Got Latent’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন। ২০২৫ সালে রণবীর আল্লাহবাদিয়ার একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতা ও দেশজুড়ে সমালোচনার মুখে শোটির সব পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন সাময়। তবে সেই কঠিন সময় কাটিয়ে আবারও নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি দিল্লির এক শো-তে সাময় নিজেই এই প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছেন।
শোটির মুক্তি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সাময় রায়না বর্তমানে বিরতিতে থাকলেও তাঁর ঘনিষ্ঠ সহযোগী বলরাজ ঘাইয়ের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে বলরাজ ইঙ্গিত দিয়েছেন যে, বহু প্রতীক্ষিত এই দ্বিতীয় সিজন সম্ভবত আগামী ৯ মে মুক্তি পেতে পারে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বলরাজের এই ‘তারিখ ফাঁস’ ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি করেছে।
উল্লেখ্য, গত বছর রণবীর আল্লাহবাদিয়া, আশীষ চঞ্চলানি এবং অপূর্বা মুখিজার উপস্থিতিতে একটি পর্বে করা কিছু মন্তব্যকে ঘিরে এফআইআর এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে আদালত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সাময় তাঁর ‘স্টিল অ্যালাইভ’ কমেডি স্পেশাল দিয়ে আবারও কামব্যাক করেছেন। এখন দেখার বিষয়, নতুন সিজনে বিতর্কের রেশ কাটিয়ে সাময় আবারও দর্শকদের মন জয় করতে পারেন কি না।