প্রায় ১০ মাসের দীর্ঘ প্রতিযোগিতা শেষে ‘ইন্ডিয়ান আইডল ১৬’এর শিরোপা জিতেছেন ওডিশার ২৪ বছর বয়সী গায়িকা জ্যোতির্ময়ী নায়ক। ট্রফির পাশাপাশি তিনি পেয়েছেন ২৫ লাখ টাকা নগদ পুরস্কার। রোববার রাতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে মধ্যপ্রদেশের তনিষ্ক শুক্লা প্রথম রানারআপ হন। শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহর বিচারকত্বে অনুষ্ঠিত এবারের আসরের প্রতিপাদ্য ছিল ‘ইয়াদোঁ কি প্লেলিস্ট’।
শিরোপা জয়ের পর জ্যোতির্ময়ী বলেন, প্রায় এক বছরের এই যাত্রা তাঁর জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। শুরু থেকেই তাঁর লক্ষ্য ছিল ভালো গান গাওয়া এবং বিচারকদের মন জয় করা। পুরস্কারের অর্থ নিয়ে আগে কখনো ভাবেননি বলেও জানান তিনি। প্রতিযোগিতায় কিংবদন্তি শিল্পীদের গান গাওয়াকে সবচেয়ে আনন্দের মুহূর্ত এবং এলিমিনেশনের ঝুঁকিতে পড়াকে সবচেয়ে কঠিন সময় বলে উল্লেখ করেন এই গায়িকা।
সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি জ্যোতির্ময়ী একজন মিউজিক থেরাপিস্ট হিসেবেও কাজ করেছেন। ক্যানসার রোগীদের মানসিক স্বস্তি দিতে তিনি গান শোনাতেন। তাঁর বিশ্বাস, সেই রোগীদের ভালোবাসা ও আশীর্বাদই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। রোগীরা একদিন তাঁকে ‘ইন্ডিয়ান আইডল’এর মঞ্চে দেখতে চেয়েছিলেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে ‘ইন্ডিয়ান আইডল’এর ইতিহাসে প্রথম ওড়িয়া নারী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন জ্যোতির্ময়ী। বাবা-মায়ের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি জানান, এখন তাঁর স্বপ্ন বলিউডে প্লেব্যাক গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। বিজয়ীকে অভিনন্দন জানিয়ে বিচারক শ্রেয়া ঘোষাল বলেন, এই প্রতিযোগিতা শুধু একজন বিজয়ী নয়, বরং অনেক প্রতিভাবান শিল্পীর সংগীতজীবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।