ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সময়ের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে প্রথমবার বিজেপির সরকার গঠনের প্রাক্কালে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। আজ শনিবার (৯ মে), কলকাতার রবীন্দ্রসদনে আয়োজিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইমনের গান গাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই গায়িকার এমন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন।
রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যের। অনুষ্ঠানের সূচি অনুযায়ী, শপথ গ্রহণের আগে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। যদিও এই বিষয়ে ইমন বা আয়োজক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, ইমন চক্রবর্তী বরাবরই মমতা ব্যানার্জির একনিষ্ঠ অনুরাগী হিসেবে পরিচিত ছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননায় ভূষিত হওয়া এই শিল্পী নির্বাচনের আগেও শাসকদলের হয়ে প্রচারণায় সরব ছিলেন। এমনকি এক জনসভায় তিনি ঘোষণা করেছিলেন, ‘দিদি যেখানে আমি সেখানে’। তবে ভোটের ফলাফলে ক্ষমতার পটপরিবর্তনের পর ইমনের এই সম্ভাব্য ‘রঙ বদল’ বা পেশাদারিত্বের খাতিরে অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। অনেকেই বিষয়টিকে তাঁর রাজনৈতিক আদর্শের বিচ্যুতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে কেবলই একজন শিল্পীর পারফরম্যান্স হিসেবে বিবেচনা করছেন।