দক্ষিণী তারকা দুলকার সালমানের বহুল প্রতীক্ষিত মালয়ালম সিনেমা ‘আই এম গেম’ বক্স অফিসে সপ্তম দিনে এসে বড় ধাক্কার মুখে পড়েছে। মুক্তির প্রথম সপ্তাহ পার হওয়ার আগেই ছবিটির প্রতিদিনের আয় ১ কোটি রুপির নিচে নেমে এসেছে।
নাহাস হিদায়াত পরিচালিত এই ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলারটি মুক্তির প্রথম দিনে ৫.৪০ কোটি রুপি আয় করে দারুণ সূচনার ইঙ্গিত দিয়েছিল। তবে দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় প্রথম সপ্তাহের সোমবার থেকেই সিনেমাটির আয় কমতে শুরু করে। সপ্তম দিনে (বুধবার) ভারতের বক্স অফিসে চলচ্চিত্রটি আয় করেছে মাত্র ৯২ লাখ রুপি। এর ফলে ভারতে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়াল ২২.৫৪ কোটি রুপি।
দুলকারের আগের সিনেমা ‘কিং অব কোথা’র আয়কে পেছনে ফেলতে পারলেও নিভিন পোলির ‘বেথলেহেম পরিবার ইউনিট’-এর আয়ের (প্রায় ১৩৩ কোটি রুপি) চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ছবিটি। ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে দুলকার সালমান ছাড়াও অ্যান্টনি ভার্গিস, কায়াদু লোহাড় ও মাইস্কিন প্রধান চরিত্রে অভিনয় করেছেন।