ঐতিহাসিক হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের পর্দা উঠবে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আয়োজিত এসব অনুষ্ঠানে ফুটে উঠবে স্বাগতিক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বখ্যাত তারকাদের পরিবেশনা।

১১ জুন, বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরীয় সংগীতশিল্পী বার্না বয় যৌথভাবে পরিবেশন করবেন বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’। এছাড়া জে বালভিন, মানাসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী অংশ নেবেন এই আয়োজনে।

১২ জুন, বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে মঞ্চে থাকবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলেসিয়া কারাসহ খ্যাতিমান সংগীতশিল্পীরা।

১৩ জুন, বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। এই অনুষ্ঠানে দর্শকদের মাতাবেন ব্ল্যাকপিংকের লিসা, আনিত্তা, ফিউচার এবং রেমার মতো আন্তর্জাতিক তারকারা।

ফিফা জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানগুলোর মূল প্রতিপাদ্য থাকবে বিশ্বকাপ ট্রফি, বৈশ্বিক ঐক্য এবং স্বাগতিক দেশগুলোর সাংস্কৃতিক পরিচয়। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন এই বর্ণাঢ্য আয়োজন।