দক্ষিণী সিনেমার সুপারস্টার Rajinikanth অভিনীত বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল Jailer 2-এ যুক্ত হয়েছেন বলিউড তারকা Hrithik Roshan। সিনেমাটিতে তিনি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করবেন।
আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহের আলোচনার পর হৃতিক আনুষ্ঠানিকভাবে প্রকল্পটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২২ ও ২৩ জুন চেন্নাইয়ে তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সিনেমাটিতে হৃতিককে সম্পূর্ণ নতুন এক লুকে দেখা যাবে। শুটিংয়ের আগে তার বিশেষ লুক টেস্টও নেওয়া হবে। গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রজনীকান্তের চরিত্রকে সহায়তা করতে দেখা যাবে তাকে।
এই সিনেমার মাধ্যমে প্রায় চার দশক পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রজনীকান্ত ও হৃতিক। এর আগে ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত Bhagwaan Dada-তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক, যেখানে রজনীকান্তও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। সেটিই ছিল হৃতিকের অভিনয়জীবনের শুরুর দিকের কাজগুলোর একটি।
সূত্রের দাবি, ‘জেইলার ২’-এ শুধু হৃতিকই নন, ভারতের বিভিন্ন চলচ্চিত্র অঙ্গনের একাধিক জনপ্রিয় তারকাকে অতিথি চরিত্রে দেখা যাবে। সম্ভাব্য তালিকায় রয়েছেন Mohanlal, Shiva Rajkumar, Vijay Sethupathi এবং Mithun Chakraborty।
ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। বিশেষ করে রজনীকান্ত ও হৃতিক রোশনের দীর্ঘদিন পর একসঙ্গে উপস্থিতি এখন ভক্তদের অন্যতম আলোচনার বিষয়।