বিশ্বখ্যাত ফ্যান্টাসি উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’ আবারও নতুন রূপে ফিরছে পর্দায়। গত মার্চে নতুন সিরিজের প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই শৈশবের প্রিয় জাদুর দুনিয়ায় ফেরার আনন্দ প্রকাশ করলেও কেউ কেউ ড্যানিয়েল র‌্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনের অনুপস্থিতি নিয়ে হতাশা জানিয়েছিলেন। নতুনদের মধ্যে আগের সেই ‘ম্যাজিক’ নেই, এমন কথাও উঠেছিল।

তবে নতুন ট্রেলার প্রকাশের পর অনেকটাই বদলে গেছে সেই চিত্র। হগওয়ার্টস স্কুলের পরিচিত পরিবেশ এবং হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে নতুন তিন অভিনয়শিল্পীর ঝলক দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনুরাগীরা। পুরোনো তিন তারকার জায়গা নতুনরা কতটা পূরণ করতে পারবেন, তা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, ট্রেলার প্রকাশের পর সেই দ্বিধা অনেকটাই কেটে গেছে।

বিশেষ করে নতুন হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রায়ন দর্শকদের আলাদা করে নজর কেড়েছে। হ্যারি পটার, রনাল্ড উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের নতুন অবতার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। অনেকের কাছেই মনে হয়েছে, নতুনদের উপস্থিতিতে সেই পুরোনো জাদুর আবেশ আবারও ফিরে আসতে শুরু করেছে।

এর আগে মার্চে সিরিজটির লুক ও প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়েছিল। একদিকে শৈশবের প্রিয় চরিত্রগুলোকে নতুন করে দেখার উত্তেজনা, অন্যদিকে পুরোনো অভিনেতাদের সঙ্গে নতুনদের তুলনা, সব মিলিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা মত। তবে এবার ট্রেলারের পর নতুন কাস্টের প্রতি আস্থা বাড়ছে দর্শকদের।

জে কে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই টিভি সিরিজ। সিনেমাগুলোর তুলনায় বইয়ের গল্পকে আরও বিস্তারিতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। মূল উপন্যাসের প্রতিটি অধ্যায় ও চরিত্রকে আরও গভীরভাবে উপস্থাপনের সুযোগ থাকছে সিরিজের দীর্ঘ ফরম্যাটে।

২০২৬ সালের ডিসেম্বরে ছোট পর্দায় আত্মপ্রকাশের কথা রয়েছে নতুন ‘হ্যারি পটার’ সিরিজের। দীর্ঘদিন পর হগওয়ার্টসের জাদুর দুনিয়ায় নতুন মুখদের নিয়ে ফেরার এই আয়োজন ঘিরে তাই দর্শকদের আগ্রহও ক্রমেই বাড়ছে। পুরোনো স্মৃতি ও নতুন প্রজন্মের অভিনয়ের এই মিশেল শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।