হ্যারি পটার সিরিজের নতুন রূপান্তর নিয়ে নব্বই দশকের ‘মিলেনিয়াল’ প্রজন্ম এবং নতুন ‘জেন-জি’ দর্শকদের মধ্যে এক অভূতপূর্ব দ্বন্দ্ব শুরু হয়েছে। ২০২৬ সালের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজের ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে যারা ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্টদের হ্যারি পটার দেখে বড় হয়েছেন, তারা নতুন এই সংস্করণটিকে সহজভাবে নিতে পারছেন না।

পুরনো ভক্তদের প্রধান অভিযোগ সিরিজের দৃশ্যায়ন ও আমেজ নিয়ে। রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মিলেনিয়ালরা দাবি করছেন, নতুন ট্রেলারে হ্যারি পটারের সেই চিরাচরিত ‘ম্যাজিক্যাল ভাইব’ বা জাদুকরী আভা অনুপস্থিত। কালার গ্রেডিং অতিরিক্ত রুক্ষ ও ফ্যাকাশে হওয়ায় এটি জাদুর জগতের চেয়ে কোনো ক্রাইম থ্রিলার সিরিজের মতো মনে হচ্ছে। এমনকি হগওয়ার্টস এক্সপ্রেস বা ডার্সলিদের বাড়ির সেই পরিচিত দৃশ্যগুলোকেও প্রাণহীন বলে অভিহিত করছেন তারা। জেনারেশন জেড-কে লক্ষ্য করে নির্মিত এই সিরিজে আধুনিকতার ছোঁয়া দিতে গিয়ে মূল গল্পের চিরচেনা আবেগ হারিয়েছে কি না, তা নিয়েই এখন চলছে তুমুল বিতর্ক।