কোনো নামিদামি তারকা নেই, ছিল না বড় কোনো পরিবেশক সংস্থাও। মাত্র দুই কোটি রুপি বাজেটে নির্মিত ছোট একটি সিনেমা যে বক্স অফিসে এমন ইতিহাস গড়বে, তা হয়তো রূপকথার গল্পকেও হার মানাবে। ভারতের আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনপ্রবাহ নিয়ে নির্মিত সিনেমা ‘হনুমান অংশ’ বর্তমানে ভারতীয় বক্স অফিসে অলটাইম ব্লকবাস্টার হিসেবে ঝড় তুলছে। 

গত ৭ আগস্ট মাত্র ২৫০টি প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি পাওয়া ড. বিশাল চতুর্বেদী পরিচালিত এই সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছিল মাত্র ৯০ লাখ রুপি। তবে দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসার মুখে মুখে ছড়িয়ে পড়া প্রচারের (ওয়ার্ড অব মাউথ) জেরে সিনেমাটির আয় হু-হু করে বাড়তে থাকে। মুক্তির পঞ্চম উইকেন্ডে ৪৫ কোটি ৬০ লাখ রুপি সংগ্রহ করে সিনেমাটি বলিউডের মেগা-হিট ছবি ‘ধুরন্ধর’-এর ৩৫ কোটি ৮০ লাখ রুপির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

মুক্তির ৩১তম দিন শেষে সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ও অভ্যন্তরীণ বাজারে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ এই সাফল্যকে ‘অবিশ্বাস্য ও অলৌকিক’ বলে বর্ণনা করেছেন। ছবিতে নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করা শোভিনব সত্য ছাড়াও চন্দন কে আনন্দ, অনিল রাস্তোগি ও নিখিল দুবে দারুণ প্রশংসিত হয়েছেন। বড় তারকাদের বিগ বাজেটের ছবিগুলোর ভিড়ে কোনো গ্ল্যামার ছাড়াই গল্পের শক্তিতে ভর করে ‘হনুমান অংশ’ এখন ভারতীয় সিনেমার অন্যতম বড় চমক।