বক্স অফিসে একের পর এক মাইলফলক পেরিয়ে যাচ্ছে ভক্তিমূলক সিনেমা ‘হনুমান অংশ’। এর মধ্যেই ছবিটিকে ঘিরে এসেছে আরও সুখবর। আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবন ও শিক্ষার ওপর নির্মিত সিনেমাটিকে উত্তরাখণ্ডে করমুক্ত করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
শুক্রবার স্ত্রী গীতা ধামি, মন্ত্রিসভার সহকর্মী গণেশ যোশী ও প্রদীপ বাত্রা এবং কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে দেরাদুনের একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখেন মুখ্যমন্ত্রী ধামি। সিনেমাটি দেখার পর তিনি বলেন, ‘হনুমান অংশ’-এর মতো সিনেমা দেশের পাশাপাশি বিশ্বের কাছে উত্তরাখণ্ডের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, সিনেমাটির মাধ্যমে বাবা নিম করোলি মহারাজের তপস্যা, ত্যাগ, সেবা এবং ভগবান হনুমানের প্রতি তাঁর অটুট বিশ্বাস সম্পর্কে জানার ও বোঝার সুযোগ হয়েছে। তাঁর পুরো জীবন মানবতার সেবা, আধ্যাত্মিক সাধনা এবং সমাজের কল্যাণে উৎসর্গীকৃত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
ধামি আরও বলেন, বাবা নিম করোলি মহারাজের জীবন মানুষকে বার্তা দেয় যে ভক্তি শুধু একটি সাধনা নয়, বরং সেবা, আত্মসমর্পণ ও মানবকল্যাণের পথও। সিনেমাটিকে ‘অনুপ্রেরণাদায়ী ও আধ্যাত্মিক’ হিসেবে উল্লেখ করে নির্মাতাদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে উত্তরাখণ্ডে সিনেমাটিকে করমুক্ত করার ঘোষণা দেন।
বিশাল চতুর্বেদী রচিত ও পরিচালিত ‘হনুমান অংশ’-এর গল্প শোকাহত তরুণ লক্ষ্মীনারায়ণকে ঘিরে। মায়ের মৃত্যুর পর ঈশ্বরের সন্ধানে আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ে সে। জীবন, মৃত্যু এবং মানুষের দুঃখ-কষ্টের উত্তর খুঁজতে উত্তর ভারতজুড়ে ঘুরতে ঘুরতে একসময় সে শ্রদ্ধেয় সাধক নিম করোলি বাবায় রূপান্তরিত হয়। তাঁর ভালোবাসা, সেবা ও সহমর্মিতার শিক্ষা পরবর্তী সময়ে অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করে।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। তাঁর সঙ্গে রয়েছেন ভিহান শেডগে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি, গুলশান পাণ্ডে ও ভগবানদাস প্যাটেল।
৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি শুরুতে খুব ধীরগতিতে এগোয়। মুক্তির প্রথম দিনে সারা ভারতে মাত্র ১০ লাখ রুপি নিট আয় করে ছবিটি। এমনকি দ্বিতীয় সপ্তাহে ভারতের ২০টিরও কম প্রেক্ষাগৃহে চলছিল সিনেমাটি।
তবে দর্শকদের মুখে মুখে প্রচারের কারণে এরপর ছবিটির ব্যবসা দ্রুত বাড়তে শুরু করে। চতুর্থ সপ্তাহান্তে ভারতে সিনেমাটি ২৮ কোটি রুপির বেশি নিট আয় করে। এরপর থেকেই ১০০ কোটি রুপির মাইলফলকের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ‘হনুমান অংশ’।
বক্স অফিস সাফল্যের পর সিনেমাটি আন্তর্জাতিক পরিবেশনার সুযোগও পেয়েছে। হাম্বালে ফিল্মস জানিয়েছে, তারা ছবিটিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে নিয়ে যাবে। তবে আন্তর্জাতিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।