বক্স অফিসে সাড়া ফেলেছে ‘হনুমান অংশ’। মুক্তির ৩৫ দিনে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৬৩ কোটি ১৩ লাখ রুপি। এরই মধ্যে সাফল্য পাওয়া সিনেমাটির সিক্যুয়েল নিয়ে শুরু হয়েছে আলোচনা। দ্বিতীয় কিস্তিতে বিরাট কোহলি, আনুশকা শর্মা কিংবা হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসকে ক্যামিও চরিত্রে দেখা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন সিনেমাটির প্রযোজক নম্রতা সিং। তিনি জানান, কয়েকজন সম্ভাব্য তারকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা আগে থেকেই সিনেমাটি সম্পর্কে জানতেন।

নম্রতা বলেন, তিনি ও পরিচালক বিশাল চতুর্বেদী দুজনেই নিম কারোলি বাবার ভক্ত। তার সঙ্গে তাদের ব্যক্তিগত অনেক স্মৃতিও রয়েছে। সিনেমার মাধ্যমে ভারতীয় সাধু-সন্তদের গল্প বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।

তবে বিরাট কোহলি, আনুশকা শর্মা কিংবা জুলিয়া রবার্টসের ক্যামিও নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি প্রযোজক। তার মতে, দ্বিতীয় কিস্তিতে মূলত নিম কারোলি বাবার সঙ্গে ভারতীয় ভক্তদের সম্পর্কের গল্প তুলে ধরা হবে।

তৃতীয় কিস্তিতে অবশ্য তার আধ্যাত্মিক প্রভাব কীভাবে ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছিল, সেটি গুরুত্ব পেতে পারে। সেখানে স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, জ্যাক ডরসি ও জুলিয়া রবার্টসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিদের সঙ্গে নিম কারোলি বাবার আধ্যাত্মিক যোগাযোগের প্রসঙ্গ উঠে আসতে পারে।

গত ৭ আগস্ট মুক্তি পাওয়া ‘হনুমান অংশ’-এর সাফল্যের পর এর সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক বিশাল চতুর্বেদী। সম্প্রতি আগ্রার একটি মাল্টিপ্লেক্সে দর্শকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, দ্বিতীয় কিস্তিতে নিম কারোলি বাবার জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গল্পের অংশ হবে।

গল্পের শুরুতে তার জন্মস্থান ফিরোজাবাদ, এরপর আগ্রা, মথুরাসহ আরও বিভিন্ন স্থানে কাহিনি এগিয়ে যাবে। প্রথম সিনেমায় যেসব গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা সম্ভব হয়নি, সেগুলোই পরবর্তী কিস্তিতে আরও বিস্তৃতভাবে দেখানোর পরিকল্পনা রয়েছে।

‘হনুমান অংশ’কে শুরু থেকেই তিন কিস্তির ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিকল্পনা করা হয়েছে। বিশাল চতুর্বেদীর লেখা ‘ডিভাইন ডিট্যুর’ বই থেকে অনুপ্রাণিত এই সিরিজের তৃতীয় কিস্তিতে নিম কারোলি বাবার সঙ্গে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির আধ্যাত্মিক যোগাযোগের গল্প গুরুত্ব পেতে পারে।