ঠিক ২০ বছর আগে ২০০৬ সালে ডিজনি চ্যানেলে শুরু হওয়া জনপ্রিয় কিশোরী সিরিজ ‘হানা মন্টানা’ আবারও ফিরছে পর্দায়। ভক্তদের সোনালী দিনগুলো মনে করিয়ে দিতে এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পপ তারকা মাইলি সাইরাস নিয়ে আসছেন একটি বিশেষ বার্ষিকী অনুষ্ঠান। সম্প্রতি প্রকাশিত এই অনুষ্ঠানের প্রথম ট্রেলারে মাইলিকে পুরোনো দিনের সেই পরিচিত সেটে ঘুরে বেড়াতে দেখা গেছে, যা দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছেন কয়েক প্রজন্মের দর্শক। স্টুয়ার্ট পরিবারের বসার ঘর থেকে শুরু করে হানা মন্টানার সেই বিখ্যাত আলমারি, সবকিছুই এই বিশেষ আয়োজনের জন্য নতুন করে তৈরি করা হয়েছে। ট্রেলারে আবেগপ্রবণ মাইলিকে বলতে শোনা যায়, এই সেটটি তাঁর কাছে নিজের বাড়ির মতোই মনে হচ্ছে।
বিশেষ এই অনুষ্ঠানে মাইলি সাইরাসের পাশাপাশি উপস্থিত থাকবেন তাঁর মা টিশ সাইরাস ও বাবা বিলি রে সাইরাস। এ ছাড়া অনুষ্ঠানে সিরিজের পুরোনো এবং আগে কখনও দেখা যায়নি এমন কিছু ভিডিও ফুটেজও দেখানো হবে। অনুষ্ঠানটি সম্পর্কে মাইলি বলেন, ‘হানা মন্টানা সব সময় আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে। এটি শুধু একটি টিভি অনুষ্ঠান ছিল না, বরং কোটি ভক্তের সঙ্গে আমার এক গভীর আত্মিক সংযোগ তৈরি করেছিল। এই বার্ষিকী অনুষ্ঠানটি আসলে সেইসব ভক্তদের জন্য, যাঁরা ২০ বছর ধরে আমার পাশে ছিলেন।’
লাইভ স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে এই বিশেষ সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘কল হার ড্যাডি’র উপস্থাপক অ্যালেক্স কুপার। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে এই বিশেষ অনুষ্ঠানটি মুক্তি পেতে যাচ্ছে।