রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) আগামী নভেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ফিজিক্যাল ডিস্কপ্রেমী গেমারদের জন্য থাকছে বড় এক চমক। সিনেমা বা অন্য গেমের মতো এতে কোনো ফিজিক্যাল ডিস্ক থাকছে না; বরং ফিজিক্যাল কপি হিসেবে বাক্সের ভেতরে দেওয়া হবে কেবল একটি ডিজিটাল ডাউনলোড কোড। তবে জাপানের গেমারদের জন্য এই নিয়ম আরও জটিল রূপ নিয়েছে। জাপানে ‘জিটিএ ৬’-এর ফিজিক্যাল কপিতে থাকা এই ডিজিটাল ডাউনলোড কোডটি মাত্র ১৭০ দিন বা প্রায় ৫ মাসের মধ্যে ব্যবহার না করলে তা অকার্যকর হয়ে যাবে। গেমিংবিষয়ক সাময়িকী
প্রতিবেদনে জানানো হয়, জাপানের ‘পেমেন্ট সার্ভিসেস অ্যাক্ট’ সংক্রান্ত একটি আর্থিক আইনের কারণেই রকস্টার গেমসে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। জাপানি আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান প্রিপেইড কার্ড বা মেয়াদহীন ডিজিটাল কোড বিক্রি করলে তার মোট বিক্রয়মূল্যের অন্তত ৫০ শতাংশ অর্থ নিরাপত্তা হিসেবে সরকারি সংস্থায় জমা রাখতে হয়। কিন্তু সেই কোডের মেয়াদ যদি ৬ মাসের কম (যেমন ১৭০ দিন) রাখা হয়, তবে কোম্পানিগুলোকে এই আইন ও বাড়তি জামানত জমা দেওয়ার ঝামেলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
ফলে আগামী ১৯ নভেম্বর গেমটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর জাপানি গেমারদের ২০২৭ সালের ৮ মে-র মধ্যেই ফিজিক্যাল বাক্সে থাকা কোডটি রিডিম বা অ্যাক্টিভেট করে নিতে হবে। নির্ধারিত মেয়াদের পর সেই কোড ব্যবহার করতে গেলে আর গেমটি ডাউনলোড করা যাবে না। ডিজিটালনির্ভর ভবিষ্যতের যুগে ফিজিক্যাল কপির ঐতিহ্য টিকিয়ে রাখতে গিয়ে গেম সংস্করণে এ ধরনের অদ্ভুত জটিলতার মুখোমুখি হতে হচ্ছে প্রকাশকদের।