বলিউড অভিনেতা গোবিন্দা, তাঁর স্ত্রী সুনীতা আহুজা এবং কথিত প্রেমিকা কোমল রানী স্বর্ণকারের মধ্যকার পারিবারিক ও ব্যক্তিকেন্দ্রিক বিরোধ এখন বলিপাড়ার প্রধান চর্চার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি সুনীতা আহুজার এক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নীরবতা ভেঙে এক বিস্ফোরক স্টেটমেন্ট শেয়ার করেছেন রানী স্বর্ণকার। নাম উল্লেখ না করলেও তাঁর এই বার্তা যে সরাসরি সুনীতার উদ্দেশ্যে দেওয়া, তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের।
প্রতিবেদনে জানানো হয়, গোবিন্দার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে সুনীতা আহুজা তরুণ প্রজন্মকে ‘তাঁর ভাঙতে বসা সংসার বাঁচানোর’ আকুতি জানান। এর পরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে রানী লেখেন, “যে নারী নিজের স্বামীকে মেরে ফেলার চেষ্টা করছে, তার অভিশাপ কারও গায়ে লাগে না। ইতোমধ্যেই ভেঙে যাওয়া কোনো পরিবারে এসে অন্য কেউ নতুন করে ভাঙন ধরাতে পারে না।” তিনি আরও অভিযোগ করেন, জনসমক্ষে সহানুভূতি পাওয়ার জন্য এবং স্বামীকে কাজ করতে না দিয়ে ঘরে বসিয়ে রেখে মানসিকভাবে বিপর্যস্ত করার এক সুপরিকল্পিত চক্রান্ত চালানো হচ্ছে।
কথাচ্ছলে রানী সুনীতাকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, একজন অনুগত স্ত্রী কি কখনো নিজের স্বামীর সঙ্গে এমন আচরণ করতে পারেন? তিনি স্পষ্ট জানান, নিজের স্বার্থ হাসিলের জন্য যেন তাঁর নাম ব্যবহার করা বন্ধ করা হয়। গোবিন্দার সঙ্গে সম্পর্ক ও পারিবারিক টানাপোড়েন ঘিরে দুপক্ষের এমন মুখোমুখি অবস্থানে বলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।