বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনিতা আহুজার দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বৈবাহিক জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন সুনিতা।

তিনি জানান, গোবিন্দ একজন আদর্শ ছেলে এবং ভাই হলেও, স্বামী হিসেবে তাকে সবসময় নিজের প্রত্যাশামতো পাননি। সুনিতার কথায়, তিনি ঘুরতে, পার্টি করতে এবং বাইরে সময় কাটাতে ভালোবাসেন। কিন্তু গোবিন্দ সারা জীবন পরিবার ও কাজের দায়িত্ব সামলাতেই এত ব্যস্ত ছিলেন যে নিজের জন্য সময় বের করতে পারেননি।

মজার ছলেই তিনি বলেন, "আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়।" তবে এত বছরের সম্পর্ক ছেড়ে যাওয়ার কথা তিনি কখনো ভাবেননি বলেও স্পষ্ট করেন।

নব্বইয়ের দশকে গোবিন্দকে ঘিরে নানা গুঞ্জন ও পরকীয়ার খবর নিয়েও কথা বলেন সুনিতা। তার মতে, তারকাদের জীবন নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়। স্বামীর ওপর বিশ্বাস থাকলে এসব কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে না।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে পারিবারিক টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন গোবিন্দ নিজেও। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে এবং পরিবারের কিছু সদস্যকে তার বিপক্ষে ব্যবহার করা হচ্ছে বলে তার মনে হচ্ছে।

১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দসুনিতা আহুজা। তাদের দুই সন্তান টিনা আহুজা এবং ইয়াশবর্ধন আহুজা। টিনা ইতোমধ্যে অভিনয়ে নাম লিখিয়েছেন, আর ইয়াশবর্ধনও খুব শিগগিরই বলিউডে অভিষেক করতে যাচ্ছেন।

পারিবারিক নানা আলোচনার মাঝেও এই দম্পতি এখন সন্তানদের ক্যারিয়ার গড়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।