টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস’-এর মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের মনোনয়নে রেকর্ডসংখ্যক ২৫টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে এইচবিও ম্যাক্সের মেডিক্যাল ড্রামা সিরিজ ‘দ্য পিট’।
গতকাল বুধবার ঘোষিত এই মনোনয়ন তালিকায় ‘দ্য পিট’-এর ঠিক পেছনেই রয়েছে একই ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাকস’। সিরিজটি মোট ২৪টি মনোনয়ন পেয়েছে, যা এমির ইতিহাসে যেকোনো কমেডি সিরিজের জন্য সর্বোচ্চ মনোনয়নের একটি নতুন রেকর্ড।
নতুন ড্রামা ও কমেডি সিরিজগুলোর মধ্যে অ্যাপল টিভির ‘উইডোজ বে’ ১৯টি এবং ‘প্লুরিবাস’ ১৮টি মনোনয়ন পেয়ে বেশ চমক দেখিয়েছে। অন্যদিকে, সীমিত বা অ্যানথোলজি সিরিজ বিভাগে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন ধরে রেখেছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘বিফ’-এর দ্বিতীয় কিস্তি।
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এবারও একচেতিয়া আধিপত্য বজায় রেখেছে এইচবিও ম্যাক্স। ‘দ্য পিট’ ও ‘হ্যাকস’ ছাড়াও ‘ডিটিএফ সেন্ট লুইস’-এর মতো জনপ্রিয় সিরিজের ওপর ভর করে প্ল্যাটফর্মটি সব মিলিয়ে প্রায় ১২২টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে। অপরদিকে, ঐতিহ্যবাহী সম্প্রচারমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন গেছে এনবিসির জনপ্রিয় স্যাটারডে নাইট লাইভ (SNL)-এর ঝুলিতে।
এবারের ড্রামা বিভাগে সেরা অভিনেতার লড়াইয়ে আছেন স্টার্লিং কে ব্রাউন, গ্যারি ওল্ডম্যান ও মার্ক রাফালোর মতো তারকারা। আর সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন জেনডায়া ও কেরি রাসেল। কমেডি বিভাগে সেরা অভিনেত্রীর তালিকায় জিন স্মার্ট ও আইও এদেবিরির মতো জনপ্রিয় মুখ মনোনীত হয়েছেন।
আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের আসরটি সঞ্চালনা করবেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক মারিস্কা হার্গিটে। বিগত ১৫ বছরের মধ্যে তিনিই প্রথম নারী, যিনি এককভাবে এমি পুরস্কারের মূল অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন।