জনপ্রিয় হলিউড সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক জীবনের এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে দুইবার মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হয়েছিলেন, যা দীর্ঘদিন সবার কাছ থেকে গোপন রেখেছিলেন।

সম্প্রতি লন্ডনে আয়োজিত ভ্যারাইটির ‘পাওয়ার অব উইমেন’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নিজের সেই সংগ্রামের কথা তুলে ধরেন এই অভিনেত্রী। ৩৯ বছর বয়সী এমিলিয়া জানান, ২০১১ সালে প্রথমবার এবং ২০১৩ সালে দ্বিতীয়বার তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

প্রথমবার অসুস্থ হওয়ার সময় তিনি বিষয়টি নিয়ে ভীষণ অস্বস্তি ও লজ্জা অনুভব করেছিলেন। তাই কাউকে কিছু জানাতে চাননি। অভিনেত্রীর ভাষ্য, মস্তিষ্কে আঘাতের ফলে তার জীবনে কী ধরনের প্রভাব পড়েছিল, তা নিয়ে ভাবারও সুযোগ পাননি তিনি। কারণ অসুস্থতার কিছুদিন পরই তাকে আবার শুটিংয়ে ফিরতে হয়েছিল।

এমিলিয়া জানান, সে সময় তিনি চরম ক্লান্তি, হরমোনজনিত জটিলতা এবং দীর্ঘ সময় কাজের পর জ্ঞান হারানোর মতো সমস্যার মুখোমুখি হন। তবে এগুলোকে তিনি কাজের চাপের স্বাভাবিক প্রতিক্রিয়া ভেবেই এড়িয়ে গিয়েছিলেন। এমনকি চিকিৎসকেরাও তখন এর দীর্ঘমেয়াদি প্রভাব পুরোপুরি শনাক্ত করতে পারেননি।

২০১৯ সালে প্রথমবারের মতো নিজের অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আনেন এমিলিয়া ক্লার্ক। তিনি বলেন, সেই অভিজ্ঞতার বাস্তবতা মেনে নিতে তার বহু বছর সময় লেগেছে। এখন তিনি উপলব্ধি করেন, মস্তিষ্কের আঘাত একজন মানুষের স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের ওপর কতটা গভীর প্রভাব ফেলতে পারে।

বর্তমানে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই অভিনেত্রী। তার দাবি, তিনি এখন আবারও তারুণ্যের শক্তি ও ইতিবাচকতা ফিরে পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এমিলিয়া ‘সেমইউ’ নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছেন। মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সহায়তায় কাজ করছে এই প্রতিষ্ঠান। একই ধরনের সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই তার এই উদ্যোগের মূল লক্ষ্য।