তিন দশকের বেশি সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসা চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, তিনি উপস্থিত না থাকলেও যেন নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নে সবাই সোচ্চার থাকেন। শুক্রবার রাজধানীর জাতীয় নাট্যশালায় আয়োজিত নিসচার মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, ৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে শক্তিতে রূপান্তর করে নিরাপদ সড়কের আন্দোলনে নেমেছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে চলা সেই আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দেশের মানুষের অধিকার ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারান ইলিয়াস কাঞ্চন। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে রাজপথে সক্রিয় হন তিনি। তাঁর দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, আল্লাহর কাছে তিনি সুস্থ হয়ে আবার সবার সঙ্গে আন্দোলনে যুক্ত হওয়ার শক্তি প্রার্থনা করছেন। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সমাজের প্রতিটি সচেতন মানুষকে নিরাপদ সড়কের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান নিসচা চেয়ারম্যান। তাঁর মতে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কেউ কারও প্রতিপক্ষ নয়, বরং মানুষের জীবনের সুরক্ষার জন্য সবাইকে সহযোদ্ধা হিসেবে কাজ করতে হবে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ও আন্দোলনের দায়িত্ব এখন সবার হাতে। তিনি না থাকলেও যেন নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে সবাই কাজ করে যান।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।