একটি মৃত ও শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে পড়ার টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। রেজাউর রহমান পরিচালিত এই সিনেমার মাধ্যমে ঈদুল ফিতরে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই চ্যালেঞ্জিং চরিত্রে ইভানার উপস্থিতি বেশ সাড়া ফেলেছে। এতে ইভানার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা ইয়াশ রোহান। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী ও দীপা খন্দকারের মতো একঝাঁক গুণী অভিনয়শিল্পীকে।
সিনেমার গল্পে ফারহান ও আমিরা নামের দুই তরুণ-তরুণীর জীবনের রূঢ় বাস্তবতা ফুটে উঠেছে। তারা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সুখ যেন তাদের কাছে এক অধরা বস্তু। মানসিক দ্বন্দ্ব, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সমাজ ও পরিবারের চাপের মুখে তাদের সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যায়, তা নিয়েই এগিয়েছে ‘একসাথে আলাদা’। নিজের চরিত্রটি নিয়ে পারসা ইভানা বলেন, ‘এটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের কাজ। রোমান্টিক কমেডি ঘরানার মনে হলেও এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ইয়াশের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে এবং আমরা চেষ্টা করেছি গল্পের আবেগটা সঠিকভাবে ফুটিয়ে তুলতে।’
পরিচালক রেজাউর রহমান এর আগেও সমসাময়িক গল্পের জন্য প্রশংসিত হয়েছেন। তাঁর মতে, এই সিনেমাটি মূলত আজকের সময়ের সম্পর্কগুলোর জটিলতা নিয়ে তৈরি, যেখানে ভালোবাসা থাকলেও ব্যক্তিগত স্বাধীনতা ও কাজের চাপের কারণে সমীকরণ বদলে যাচ্ছে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাবে এই ওয়েবফিল্মটি। দর্শক এখন অপেক্ষায় আছেন ইয়াশ-ইভানা জুটির এই নতুন রসায়ন দেখার জন্য।