সংগীতশিল্পী দোলা রহমানের নতুন গান ‘কিসমত’ প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। ২৩ আগস্ট সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশিত গানটির ভিডিও সাত দিনে ৮৪ হাজারের বেশি ভিউ পেয়েছে। গানটি শুনে মোস্তাক মিয়া নামের এক শ্রোতা ইউটিউবে মন্তব্য করেছেন, ‘দোলা বেস্ট।’ শ্রোতাদের এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত দোলাও। তিনি জানিয়েছেন, গানটির প্রশংসা করছেন অনেকেই।
‘কিসমত’ গানটির ভিডিওতে গাওয়ার পাশাপাশি নাচতেও দেখা গেছে দোলাকে। এর আগে ‘আমি দোলা’ গানেও নাচের সঙ্গে গান পরিবেশন করেছিলেন তিনি। দেশের বাইরের শিল্পীদের মধ্যে গানের সঙ্গে এমন পারফরম্যান্স বেশ প্রচলিত হলেও বাংলাদেশে এখনো এটি খুব বেশি দেখা যায় না। তাই ভবিষ্যতেও গান ও নাচকে একসঙ্গে উপস্থাপনের এই ধারা নিয়ে কাজ করতে চান দোলা।
দোলার সংগীতজীবনে বৈচিত্র্যেরও কমতি নেই। সেমি ক্লাসিক্যাল থেকে আইটেম গান, বিভিন্ন ধরনের জনরায় স্বাচ্ছন্দ্যে কাজ করছেন তিনি। নিজের এই পথচলাকে উপভোগ করেন জানিয়ে দোলা বলেন, ‘ভার্সেটাইল দোলা’ বলা হলে তাঁর কাছে বিষয়টি বেশ আনন্দের। এক জনরা থেকে অন্য জনরায় গিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে পছন্দ করেন তিনি। ভবিষ্যতে শেখা বিষয়গুলো আরও কাজে লাগিয়ে নতুন কয়েকটি জনরায় গান করার ইচ্ছাও রয়েছে তাঁর।
দোলার গানের পথচলায় বড় ভাই সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিন্নধর্মী গান করার এবং সংগীতে নতুনত্ব আনার ক্ষেত্রে ভাইয়ের প্রভাবের কথা জানিয়েছেন দোলা। দুই ভাই-বোনের যৌথ উদ্যোগে ‘প্রজেক্ট অদিতেরিয়ানস’ নামের একটি সংগীত প্রকল্পও রয়েছে। ২০১৫ সাল থেকে এই প্রকল্পে কাজ করছেন তাঁরা। সেমি ক্লাসিক্যাল ও ফিউশনধর্মী সংগীতকে আধুনিক সংগীতের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। দোলা স্পষ্ট করেছেন, এটি কোনো ব্যান্ড নয়, বরং দুই ভাই-বোনের ভালোবাসা থেকে তৈরি একটি সংগীত প্রকল্প। গত দুই বছরের মতো এ বছরও এখান থেকে নতুন কাজ আসবে।
সংগীতের পাশাপাশি ক্যামেরার সামনেও নিয়মিত কাজ করছেন দোলা। পেয়েছেন অভিনয়ের প্রস্তাবও। তবে শুধু কাজ করার জন্য অভিনয়ে আসতে চান না তিনি। নিজের সামর্থ্যের সঙ্গে মানানসই এবং যে চরিত্রে শতভাগ দিতে পারবেন বলে মনে হবে, এমন প্রস্তাব পেলেই অভিনয়ের কথা ভাববেন দোলা।
সিনেমাতেও নিয়মিত গান করছেন এই শিল্পী। ‘বরবাদ’ সিনেমায় তাঁর গাওয়া ‘চাঁদ মামা’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ আলোচনায় আসে। এ ছাড়া ‘এটা আমাদেরই গল্প’সহ বেশ কয়েকটি নাটকেও গান করেছেন তিনি। দোলার মতে, সিনেমার গান সাধারণত নির্দিষ্ট সময় বা ঈদকেন্দ্রিক মুক্তির সঙ্গে যুক্ত থাকলেও নাটকের কাজ সারা বছরই চলতে থাকে। তাই সিনেমার পাশাপাশি নাটকেও গান করার সুযোগ পাচ্ছেন তিনি।
একক গানও চালিয়ে যাচ্ছেন দোলা। শিগগিরই তাঁর নতুন কয়েকটি গান প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে ক্যারিয়ারের আগামী পাঁচ বা দশ বছরের পরিকল্পনা নিয়ে খুব বেশি দূর ভাবতে চান না তিনি। প্রতিদিনের কাজকে গুরুত্ব দিয়ে ভালো কিছু উপহার দেওয়াই তাঁর মূল লক্ষ্য।