দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলস। নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউডের তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

শুক্রবার (স্থানীয় সময়) টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বিয়ের খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, প্রচলিত রীতি থেকে সরে এসে এই বিয়েতে কনে বা বরের পক্ষের কোনো ব্রাইডসমেইড কিংবা গ্রুমসমেন রাখা হয়নি। অর্থাৎ, বন্ধুদের আনুষ্ঠানিক অংশগ্রহণ ছাড়াই সম্পন্ন হয়েছে পুরো আয়োজন।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে ইতোমধ্যেই অনেকে ‘শতাব্দীর সেরা বিয়ে’ বলে অভিহিত করছেন। অতিথি তালিকায় ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস ও বেনসন বুনসহ হলিউড ও ক্রীড়াঙ্গনের বহু তারকা।

অনুষ্ঠানের গোপনীয়তা নিশ্চিত করতে ব্যবহার করা হয় কালো রঙের এসইউভি গাড়ি এবং বিশাল আকৃতির তাঁবু। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে স্থাপিত বিশাল ডিজিটাল পর্দা, যেখানে ভেসে ওঠে ‘JUST & T MARRIED!’ লেখা।

প্রতিবেদন লেখা পর্যন্ত টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ের কোনো যুগল ছবি প্রকাশ করা হয়নি। তবে সুইফটের মুখপাত্র জানিয়েছেন, বিয়ের দিন দুজনই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের বিশেষভাবে তৈরি পোশাক পরেছিলেন। পোশাকের নকশায় সরাসরি কাজ করেছেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতো ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের তৈরি এবং টেইলর সুইফট পরেছিলেন কার্টিয়ারের গহনা।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই আয়োজনকে ঘিরে ম্যানহাটনের ব্যস্ত কয়েকটি সড়ক সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। সেদিন নিউইয়র্কে তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম উপেক্ষা করেও প্রিয় তারকাকে একঝলক দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন হাজারো ভক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনা হয়। পরে গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো ঐতিহাসিক ভেন্যু ভাড়া করতেই তাদের কয়েক কোটি ডলার ব্যয় হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই এই তারকা জুটি ২০টিরও বেশি দাতব্য সংস্থায় মোট ২৬ মিলিয়ন ডলার অনুদান দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।