ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন আজ ২৬ অক্টোবর। বিশেষ দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা একটি ভিডিও দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

ভিডিওতে দীঘিকে দেখা গেছে এক ভিন্নধর্মী গ্ল্যামারাস সাজে। নান্দনিক পরিবেশ, ফুল আর মোমবাতির আয়োজনে ধারণ করা ৩০ সেকেন্ডের ভিডিওটি প্রকাশের পর থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওর দৃশ্যগুলোতে ছিল রাজকীয় আবহ। টেবিলজুড়ে জ্বলছিল লম্বা সাদা মোমবাতি, আর মোমবাতির স্ট্যান্ডে ঝুলছিল মুক্তার মালা। এমন আয়োজনের মধ্যে হালকা নীল রঙের স্টাইলিশ গাউন পরে হাজির হন দীঘি। পরিপাটি করে খোঁপা করা চুল, মানানসই মেকআপ ও হাতের নজরকাড়া ঘড়িতে তাঁর সাজে যোগ হয় বাড়তি আকর্ষণ।

ভিডিওর বিভিন্ন অংশে কখনো সূর্যমুখী ও গোলাপের বড় তোড়া হাতে পোজ দিতে দেখা যায় তাঁকে, আবার কখনো মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দিতে দেখা যায়। সঙ্গে যুক্ত করা হয়েছে জন্মদিনের বিশেষ সংগীত। ভিডিওটির ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’

দীঘির আত্মবিশ্বাসী উপস্থিতি ও নতুন লুক ভক্তদের নজর কেড়েছে। মন্তব্যের ঘরে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে তাঁর এই পরিবর্তন নিয়েও মন্তব্য করেছেন।

একসময় শিশুশিল্পী হিসেবে দর্শকের মন জয় করেছিলেন দীঘি। সেই ছোট্ট মেয়ের চিত্রনায়িকা হয়ে ওঠার যাত্রা অনেকেরই মনে গেঁথে আছে। তাই জন্মদিনের ভিডিওতে তাঁর নতুন রূপ দেখে পুরোনো দিনের স্মৃতিতে ফিরে গেছেন অনুরাগীদের কেউ কেউ। একজন মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট দীঘি।’ আরেকজন লিখেছেন, ‘এটা সেই ছোট্ট দীঘি না?’