বলিউড মেগাস্টার রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই বক্স অফিসে আগাম ঝড়ের আভাস দিচ্ছে। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রতিফলন দেখা যাচ্ছে অগ্রিম টিকিট বুকিংয়ে। আগামী ১৯ মার্চ ছবিটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা ১৮ মার্চ বিকেল ৫টা থেকে বিশেষ ‘পেইড প্রিভিউ’ শোর ব্যবস্থা করেছেন। আর এই প্রিভিউ শোর টিকিট বিক্রি শুরু হতেই একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছে ছবিটি। মাত্র ৪৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ৮০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, যা ট্রেড অ্যানালিস্টদের রীতিমতো চমকে দিয়েছে।
আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি প্রিভিউ শোর আয়ের দিক থেকে ইতিমধ্যেই শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। সারা দেশে প্রায় আট হাজারেরও বেশি প্রিভিউ শোর টিকিট বুকিং থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকা। ব্লক সিটসহ এই অংক প্রায় ২৭ কোটি ৯০ লাখ টাকায় পৌঁছেছে। বিশেষ করে হিন্দি সংস্করণে অভূতপূর্ব সাড়া মিললেও তামিল ও তেলেগু ভাষাতেও ছবিটি দাপট দেখাচ্ছে। মহারাষ্ট্র, কর্ণাটক ও দিল্লিতে অগ্রিম বুকিংয়ের জোয়ারে প্রেক্ষাগৃহগুলো এখনই হাউসফুল হওয়ার পথে।
আশ্চর্যের বিষয় হলো, প্রিভিউ শোর টিকিটের দাম সাধারণের তুলনায় বেশ চড়া হওয়া সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। সাধারণ স্ক্রিনে টিকিটের দাম ৬০০ টাকা থেকে শুরু হলেও প্রিমিয়াম স্ক্রিনে তা ৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত ঠেকেছে। ‘ধুরন্ধর’-এর প্রথম কিস্তি মুক্তির সময় এতটা আলোচনায় না থাকলেও, দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। ট্রেড বিশ্লেষকদের মতে, পেইড প্রিভিউ থেকেই যদি এমন আয় হয়, তবে ১৯ মার্চ মূল মুক্তির পর বক্স অফিসে রণবীর সিং এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন।