বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা এবার এক হতে চলেছেন। প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বনসালির নতুন একটি মেগা প্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন তামিল সুপারস্টার ধানুশ। পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিতব্য এই ছবিটি হবে জঙ্গলকেন্দ্রিক এক টানটান ড্রামা। বনসালি প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে তামিল নির্মাতা পিএস মিত্রানের।

মিত্রান এর আগে ‘সর্দার’ ও ‘ইরমবু থিরাই’-এর মতো সফল ছবি পরিচালনা করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চরিত্রের জন্য শুরুতে রাম চরণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত ধানুশকেই বেছে নেওয়া হয়েছে। ২০২৭ সালের শুরুর দিকে এই বিশাল বাজেটের ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগে ধানুশ তাঁর হাতে থাকা দক্ষিণী সিনেমাগুলোর কাজ শেষ করবেন। বর্তমানে তিনি ‘ডি৫৫’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে ‘ভাদা চেন্নাই ২’-এর মতো প্রতীক্ষিত প্রজেক্ট।

এদিকে, সঞ্জয় লীলা বনসালি বর্তমানে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। এ ছাড়াও তাঁর প্রোডাকশন থেকে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক এবং ঐতিহাসিক ড্রামা ‘জয় সোমনাথ’ নির্মাণের পরিকল্পনাও চলছে। এই তালিকায় ধানুশ ও পিএস মিত্রানের নতুন প্রজেক্টটি যোগ হওয়ায় সিনেমাপাড়ায় উত্তজনা আরও কয়েক গুণ বেড়ে গেছে। উল্লেখ্য, চলতি সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ধানুশের নতুন সিনেমা ‘কারা’।