দুর্গাপূজায় গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দেব ও শুভশ্রী গাঙ্গুলীর বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’ নিয়ে দর্শকের মাঝে দারুণ আগ্রহ দেখা গেছে। কলকাতা থেকে শুরু করে আগরতলা পর্যন্ত বিভিন্ন শহরে ব্যাপক প্রচার চালালেও প্রথম তিন দিনের বক্স অফিস আয়ের চিত্র বলছে ভিন্ন কথা। দেবের আগের সিনেমা ‘ধূমকেতু’র প্রথম উইকেন্ডের আয়ের অঙ্কটি এখনও ছুঁতে পারেনি এই ছবি।

মুক্তির তিন দিন পর অর্থাৎ গত রোববার পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ রুপি (গ্রস আয় ২ কোটি ৫৭ লাখ রুপি)। শুধুমাত্র রোববারেই ছবিটির নেট আয় ছিল প্রায় ৭২ লাখ রুপি। যদিও ২০২৬ সালে মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলোর মধ্যে এটি প্রথম দিনে সর্বোচ্চ আয়ের (৭০ লাখ রুপি) রেকর্ড গড়েছে এবং শেষের দিকে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির হার ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছিল, তবুও সামগ্রিক আয় প্রত্যাশার তুলনায় কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।