বলিউডের বহুল প্রতীক্ষিত রোমান্টিক চলচ্চিত্র ‘ককটেল ২’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিটি ইতোমধ্যে প্রেক্ষাগৃহ, ডিজিটাল ও সংগীত স্বত্ব বিক্রির মাধ্যমে মোট বাজেটের প্রায় অর্ধেক অর্থ আয় করে ফেলেছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘ককটেল ২’-এর মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। এর মধ্যে নির্মাণ ব্যয় প্রায় ৯৫ কোটি রুপি। প্রধান তিন তারকার পারিশ্রমিকে খরচ হয়েছে প্রায় ৩৫ কোটি রুপি এবং প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে আরও ২০ কোটি রুপি। মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে প্রায় ৭৫ কোটি রুপি আয় করেছেন নির্মাতারা।

ছবিটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া, যিনি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ‘ককটেল’ ছবিটিও পরিচালনা করেছিলেন। তবে নির্মাতাদের দাবি, নতুন ছবির গল্পের সঙ্গে আগের ‘ককটেল’-এর কোনো সরাসরি সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ নতুন কাহিনি ও চরিত্র নিয়ে নির্মিত হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবিকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন নিয়েও কথা বলেন কলাকুশলীরা। সামাজিক মাধ্যমে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার চরিত্র নিয়ে নানা জল্পনা তৈরি হলেও কৃতি জানান, দুই নারী চরিত্রের ঘনিষ্ঠ বন্ধুত্বকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন।

পরিচালক হোমি আদাজানিয়া বলেন, শুটিং চলাকালে কৃতি ও রাশমিকার মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। ইউনিটের সদস্যদের কিছু হাস্যরসাত্মক মন্তব্য থেকেই পরে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জনের জন্ম নেয়।

প্রযোজক দিনেশ ভিজান ছবিটি বড় পরিসরে নির্মাণ করেছেন। বিশ্বের বিভিন্ন মনোরম লোকেশনে প্রায় ৭০ দিনের শুটিংয়ে সম্পন্ন হয়েছে সিনেমার কাজ। দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল, সংগীত এবং স্টাইলিংয়ের মাধ্যমে দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

ম্যাডডক ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি নিয়ে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।