১৫০ কোটি রুপি বাজেটের বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ককটেল ২’ নিয়ে দর্শক ও চলচ্চিত্র মহলে কৌতূহলের শেষ নেই। আধুনিক যুগের সম্পর্ক ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে সিনেমাটির বাজেট এবং প্রধান তারকাদের পারিশ্রমিকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৫০ কোটি রুপির এই বিশাল বাজেটের মধ্যে মূল তারকাদের পারিশ্রমিক বাবদই খরচ হয়েছে ৩৫ কোটি রুপি। অবাক করার মতো বিষয় হলো, সিনেমার দুই প্রধান নায়িকার যৌথ পারিশ্রমিকের চেয়েও কেন্দ্রীয় চরিত্রের নায়কের একার পারিশ্রমিক অনেক বেশি। ছবির মূল ভূমিকায় অভিনয়ের জন্য অভিনেতা শাহিদ কাপুর নিয়েছেন ২১ কোটি রুপি। অন্যদিকে, দুই জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন এবং রাশমিকা মানদানা পেয়েছেন যথাক্রমে ৮ কোটি ও ৬ কোটি রুপি।
বক্স অফিসের ইতিহাসে এই পারিশ্রমিক তিন তারকার ক্যারিয়ারেরই সর্বোচ্চ রেকর্ড। এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কোনো সিনেমার জন্য তাঁরা এত মোটা অঙ্কের অর্থ পাননি, যদিও ওটিটি প্ল্যাটফর্মে ‘ফারজি’ ওয়েব সিরিজের জন্য শাহিদ কাপুর এর চেয়েও অনেক বেশি পারিশ্রমিক নিয়েছিলেন।
সিনেমাটির সামগ্রিক বাজেট বিশ্লেষণের দিকে তাকালে দেখা যায়, প্রধান তারকাদের ৩৫ কোটি রুপি দেওয়ার পর প্রচার ও বিপণন (প্রমোশন ও মার্কেটিং) খাতেই ব্যয় করা হচ্ছে আরও ২০ কোটি রুপি। আর বাকি ৯৫ কোটি রুপি খরচ হয়েছে সিনেমার মূল নির্মাণকাজ (প্রোডাকশন) এবং অন্যান্য সহ-শিল্পীদের পারিশ্রমিক মেটাতে।