হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ প্রথম প্রদর্শনীর পর থেকেই সমালোচকদের প্রশংসায় ভাসছে। হোমারের কালজয়ী গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি দেখে চলচ্চিত্র বিশ্লেষকেরা একে নোলানের আরেকটি ‘মাইলফলক সৃষ্টি’ এবং ‘মহাকাব্যিক অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করছেন।
চলচ্চিত্রবিষয়ক প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সমালোচকেরা ছবিটির ব্যাপক প্রশংসা করেছেন। কলিডারের সমালোচক পেরি নেমিরফ ‘দ্য ওডিসি’কে একটি ‘মহাকাব্যিক ভোজ’ হিসেবে উল্লেখ করে বলেন, হোমারের গল্পকে নোলান তার নিজস্ব শৈলীতে এমনভাবে পর্দায় তুলে ধরেছেন, যা ব্যাপ্তি, আবেগ এবং ভিজ্যুয়াল নির্মাণের দিক থেকে অসাধারণ। তার মতে, এত বিশাল ক্যানভাসে এই গল্পকে জীবন্ত করে তোলার সক্ষমতা খুব কম পরিচালকেরই রয়েছে।
ভ্যারাইটির জ্যাক ট্যাং ছবিটিকে ‘বিস্ময়কর ও দুর্দান্ত এক মহাকাব্য’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ফ্যানড্যাঙ্গোর এরিক ডেভিসের ভাষায়, এটি আমাদের সময়ের অন্যতম সেরা নির্মাতা ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের একটি ‘মুকুটমণি’ হয়ে উঠতে পারে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ওডেসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। সমালোচকদের অনেকেই এটিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় বলে মনে করছেন। ট্রোজান যুদ্ধ শেষে নিজের রাজ্য, স্ত্রী পেনেলোপি এবং পুত্র টেলেমেকাসের কাছে ফিরে যাওয়ার দীর্ঘ, বিপজ্জনক ও রোমাঞ্চকর যাত্রাই ছবির মূল গল্প। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জন লেগুইজামো, জেন্ডায়া, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা।
কারিগরি দিক থেকেও ‘দ্য ওডিসি’ বিশেষ গুরুত্ব বহন করছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। জানা গেছে, সিনেমাটির শুটিং চলে টানা ৯১ দিন এবং এর জন্য প্রায় ২০ লাখ ফুটেরও বেশি ফিল্ম ব্যবহার করেছেন নোলান।
এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার নোলান জানান, আধুনিক আইম্যাক্স প্রযুক্তি এবং বড় বাজেটের সহায়তায় প্রাচীন এই পৌরাণিক কাহিনিকে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার সুযোগই তাকে ‘দ্য ওডিসি’ নির্মাণে অনুপ্রাণিত করেছে।
ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগেই সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া ছবিটিকে বছরের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত করেছে।