বিশ্বজুড়ে মুক্তির পরই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে প্রখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন এপিক ফ্র্যান্টাসি চলচ্চিত্র ‘দ্য অডিসি’। গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে তৈরি সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী ৩৯০ মিলিয়ন ডলার বা প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যবসা করে নিয়েছে। বাংলাদেশেও সিনেমাটি নিয়ে সিনেমা প্রেমীদের উন্মাদনা তুঙ্গে দৈনিক ৫০টির বেশি শো প্রদর্শিত হচ্ছে এবং প্রথম সপ্তাহেই এটি আয় করেছে প্রায় ২ কোটি টাকা।

ইতিহাসে প্রথমবার সম্পূর্ণ ৭০ মিমি আইম্যাক্স (IMAX) ক্যামেরায় ধারণ করা এ সিনেমায় ট্রোজান যুদ্ধ শেষে ওডেসিয়াসের ঘরে ফেরার দীর্ঘ ও প্রতিকূল যাত্রাকে একেবারেই নতুন দৃষ্টিভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন নোলান। হোমারের মূল বীরত্বগাঁথার পাশাপাশি চরিত্রটিতে যোগ করেছেন মানবিক আবেগ, ক্লান্তি ও অনুশোচনার গভীর মাত্রা।

চলচ্চিত্রটিতে ওডেসিয়াস চরিত্রে ম্যাট ডেমন, পেনেলোপে চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং তেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া জেনডায়া, রবার্ট প্যাটিনসন, সামান্থা মর্টন ও লুপিতা নিওঙ্গের মতো একঝাঁক তারকা শিল্পীর অভিনয় নজর কেড়েছে। দৃষ্টিনন্দন দৃশ্যধারণ, লুডভিগ গোরানসনের মহাকাব্যিক আবহসংগীত এবং নোলানের জাদুকরী নন-লিনিয়ার গল্প বলার শৈলীই সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।