অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির প্রত্যাবর্তনের ছবি ‘ভুত বাংলা’ (Bhooth Bangla) বক্স অফিসে দারুণ তাণ্ডব চালাচ্ছে। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এই হরর-কমেডি। আইপিএল মরসুম চলায় প্রেক্ষাগৃহে দর্শক কম থাকার শঙ্কা থাকলেও, অক্ষয়-প্রিয়দর্শন জুটির নস্টালজিয়া এবং নির্মল বিনোদন পরিবারগুলোকে হলমুখী করতে সক্ষম হয়েছে।
বক্স অফিসের তথ্য অনুযায়ী, সিনেমাটি ভারতে প্রথম রবিবার ২৩ কোটি রুপি নেট সংগ্রহ করেছে। এর ফলে ভারতে তিন দিনে মোট নেট সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি রুপি। পেইড প্রিভিউ এবং প্রথম দুদিনের আয় মিলিয়ে ভারতের বাজারে গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৬৯.৩৭ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি বেশ সাড়া ফেলেছে, যা এর বিদেশের গ্রস আয়কে ২৬.৫০ কোটি রুপিতে পৌঁছে দিয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে তিন দিনে ‘ভুত বাংলা’র গ্রস কালেকশন এখন ৯৫.৮৭ কোটি রুপি।
সিনেমার এই অভাবনীয় সাফল্য বক্স অফিসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আধিপত্যের অবসান ঘটিয়েছে। সমালোচকদের মধ্যে কেউ কেউ প্লট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিলেও, সাধারণ দর্শক বিশেষ করে অক্ষয় কুমারের কমিক টাইমিং এবং পরেশ রাওয়াল-রাজপাল যাদব ত্রয়ীর রসায়নে মুগ্ধ। এছাড়া প্রখ্যাত অভিনেতা আসরানির শেষ সিনেমা হিসেবেও এটি দর্শকদের কাছে বাড়তি আবেগের জায়গা তৈরি করেছে। অক্ষয় কুমার ছাড়াও এই তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন তাবু, ওয়ামিকা গাব্বি এবং যিশু সেনগুপ্তের মতো প্রতিভাবান শিল্পীরা।