ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নতুন উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এ লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে।
প্রথম চলচ্চিত্রটির নাম ‘গাজী কালু ও চম্পাবতী’, যার দৈর্ঘ্য থাকবে ২৫ থেকে ৩০ মিনিট। এতে ইংরেজি সাবটাইটেল থাকবে এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।
দ্বিতীয় চলচ্চিত্রটি নির্মিত হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সংহতির বার্তা নিয়ে। এটি হবে ১২ থেকে ১৫ মিনিটের এবং বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য তৈরি, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়া আবেদনকারীদের কমপক্ষে পাঁচ বছরের চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা থাকতে হবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে সিলগালা অবস্থায় আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে জমা দিতে হবে।