অবশেষে আনুষ্ঠানিকভাবে ‘আওয়ারাপন ২’-এর মুক্তির তারিখ জানালেন প্রযোজক বিশেষ ভাট। তিনি নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়ালটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করছেন বিশেষ ভাট এবং ইমরান হাশমি। জনপ্রিয় ‘আওয়ারাপন’ ছবির গল্প এবার নতুনভাবে বড় পর্দায় ফিরছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ভাট, ইমরান হাশমি এবং দিশা পাটানি যৌথভাবে ছবিটির মুক্তির ঘোষণা দেন। একই সঙ্গে প্রকাশ করা হয় সিনেমার ফার্স্ট লুক পোস্টারও।
অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটি প্রেম, হারিয়ে যাওয়া সম্পর্ক এবং আত্মমুক্তির আবেগঘন গল্প নিয়ে নির্মিত হচ্ছে। প্রযোজক বিশেষ ভাট বলেন, বড় পর্দার জন্যই ‘আওয়ারাপন’-এর মতো আবেগপূর্ণ গল্প সবচেয়ে বেশি উপযোগী। তাঁর মতে, ছবির শক্তি থাকবে চরিত্রের গভীরতা, স্তরযুক্ত গল্প এবং সংগীতের মধ্যে।
ইমরান হাশমির চরিত্র ‘শিবম’ প্রসঙ্গে তিনি বলেন, চরিত্রটির যন্ত্রণা অভিনেতা খুব গভীরভাবে ধারণ করেছেন, ফলে সেই ভূমিকায় সহজেই ঢুকে যেতে পেরেছেন তিনি।
দিশা পাটানির যুক্ত হওয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করে বিশেষ ভাট জানান, তার উপস্থিতি ছবির গল্পে নতুন মাত্রা যোগ করবে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।
Vishesh Films প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন নীতিন কক্কর। চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী।