প্রেক্ষাগৃহে প্রথম মুক্তির সাত বছর পরও বক্স অফিসে কমেনি মার্ভেল স্টুডিওর জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। সম্প্রতি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে পুনর্মুক্তির পর আবারও সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে এটি। পুনঃপ্রদর্শনে পাওয়া আয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের বিখ্যাত চলচ্চিত্র ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই সুপারহিরো সিনেমাটি।

২০১৯ সালে বিশ্বজুড়ে মুক্তি পেয়ে ইতিহাস গড়া এই সিনেমাটি নতুন করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে প্রেক্ষাগৃহে ফেরানো হয়। মূলত মার্ভেল ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল ও উন্মাদনা বাড়াতেই সিনেমাটির এই পুনর্মুক্তির উদ্যোগ নেওয়া হয়। দ্বিতীয় সপ্তাহান্তেই মার্ভেল ভক্তদের থেকে অভাবনীয় সাড়া পেয়ে বক্স অফিসে আবারও নতুন রেকর্ড গড়েছে ছবিটি।

পুনর্মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে যোগ হয়েছে আরও ১৪.৪ মিলিয়ন ডলার। এই বাড়তি আয় যুক্ত হওয়ার পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বমোট বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২.৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে। এর ফলে ২.৯২৩৭ বিলিয়ন ডলার আয় করা ‘অ্যাভাটার’-কে অল্প ব্যবধানে পেছনে ফেলে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের শীর্ষস্থান পুনর্দখল করে নিলো মার্ভেলের এই মাস্টারপিস।